দ্য ওয়াল ব্যুরো: কঙ্গনা রানাওয়াত এবং পহেলাজ নিহালনি বিতর্কে গত কয়েকদিন ধরে সরগরম বলিউড।
একার কাঁধে ছবিকে বক্স অফিসে সফল করতে কঙ্গনার জুড়ি মেলা ভার। নারীকেন্দ্রিক ছবি হলে পরিচালকদের পয়লা পছন্দ তিনিই। তাঁর ঝুলিতে রয়েছে প্রচুর সফল সিনেমাও।
তবে এ হেন সফল নায়িকার কেরিয়ারের শুরুটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক টক শো-তে এসে সে কথা জানিয়েছেন কঙ্গনা। বলিউডে তিনি ঠোঁটকাটা বলেই পরিচিত। আর এ বার তিনি তোপ দেগেছেন সেনসর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহেলাজ নিহালনির বিরুদ্ধে। নিহালনির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে কঙ্গনা দাবি করেছেন, তাঁর কেরিয়ারের শুরুতে নিহালনি তাঁকে এমন একটি ছবিতে অফার করেছিলেন যে ছবি পর্ন ছবির তুলনায় কোনও অংশেই কম নয়। এখানেই থামেননি কঙ্গনা। অভিযোগ করে বলেন, অন্তর্বাস ছাড়াই একটি ঢিলেঢালা পোশাক পরে শট দিতে বলা হয় তাঁকে।
কঙ্গনা বলেন, "কেরিয়ারের শুরুতেই পহেলাজ নিহালনির ছবি 'আই লভ ইউ বস'-এ সুযোগ পাই। প্রাথমিক ভাবে চরিত্রে রাজিও হয়ে যায়। তবে শ্যুটিং শুরু হতেই বাড়তে থাকে সমস্যা। আমার চরিত্রের কাজ ছিল অফিসের বসকে সিডিউস করা। আমাকে অন্তর্বাস ছাড়া অত্যন্ত পাতলা একটি পোশাকে ক্যামেরার সামনে শট দিতে বলা হয়।" ওই চ্যাট শোয়ে এসে কঙ্গনা জানান, এরপরেই ফিল্ম থেকে সরে আসেন তিনি। এমনকী কাস্ট অ্যান্ড ক্রুর কেউ যাতে তার সঙ্গে যোগাযোগ করতে না পারে, তাই কঙ্গনা বদলে ফেলেছিলেন নিজের ফোন নম্বরও।
তবে পহেলাজ কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। উল্টে কঙ্গনার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, "এখন যে চরিত্র ওর পর্ন ছবির মতো বলে মনে হচ্ছে, একসময় সেই চরিত্রে অভিনয় করার জন্যই ও আমায় অনুরোধ করেছিল। ও বোধহয় ভুলে গেছে আমি ওকে কীভাবে সাহায্য করেছি।" নিহালনি আরও বলেন যে শ্যুটিং সেটে তিনি হাজির ছিলেন না। তাই কঙ্গনাকে কী পোশাক পরতে দেওয়া হয়েছিল তা তিনি জানেন না।