
শেষ আপডেট: 15 March 2019 07:06
মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামে সদ্যই স্থান পেয়েছে বলি তারকা দীপিকা পাড়ুকোনের মোমের মূর্তি। নিজের মোমের স্ট্যাচু উদ্বোধনে গিয়েছিলেন নায়িকা স্বয়ং। সঙ্গে ছিলেন রণবীর সিং-ও। ছিলেন দীপিকার বাবা-মা এবং বাকি পরিবারও। প্রিয় অভিনেত্রীর এমন সুন্দর মূর্তি দেখে ক্যামেরায় তখন নায়িকাকে লেন্সবন্দি করতেই ব্যস্ত ছিলেন ফ্যানরা। দীপিকাও বারবার ছুঁয়ে দেখছিলেন নিজের প্রতিকৃতি। কিন্তু সে সময় মুগ্ধ চোখে দীপিকার ওয়াক্স স্ট্যাচু দেখছিলেন রণবীর। মোমের মূর্তির চারপাশে ঘুরতে ঘুরতে হঠাৎই তিনি বলে ওঠেন, "আমি এটা বাড়ি নিয়ে যেতে পারি?" স্ত্রীর মোমের মূর্তি দেখে রণবীর এতটাই মুগ্ধ যে সেটাকে আর মাদাম তুসোয় রাখতে চান না। বরং সাজিয়ে রাখতে চান নিজের বিলাসবহুল প্রাসাদের অন্দরমহলে।
সোশ্যাল মিডিয়ায় দীপিকার মোমের মূর্তির ছবি প্রকাশ পাওয়ার পরেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। সকলেই এক বাক্যে স্বীকার করেছেন, যে শিল্পী ওই মূর্তি বানিয়েছেন তাঁর হাতের কাজ নিখুঁত। নিপুণ হাতে, অত্যন্ত যত্নের সাহায্যে, সময় নিয়ে, ধৈর্য ধরেই এমন সুন্দর মূর্তি বানিয়েছেন শিল্পী। যা দেখে প্রথম ঝলকে মনে হবে, সত্যি সত্যিই দাঁড়িয়ে রয়েছেন দীপিকা। মাদাম তুসোয় জায়গা করে নেওয়ার জন্য ইতিমধ্যেই অভিনেত্রীর কাছে এসে পৌঁছেছে অসংখ্য শুভেচ্ছা বার্তা। ফ্যানরা তো আছেনই, দীপিকার এই সাফল্যে খুশি বি-টাউনও।
২০১৮ সালের জুলাই মাসে মাদাম তুসোর ওয়াক্স মিউজিয়ামের শিল্পীদের সঙ্গে দেখা করেছিলেন দীপিকা। সেই সময়েই তিনি জানিয়েছিলেন শিল্পীদের সঙ্গে সেশন খুবই মজার ছিল। অভিনেত্রী বলেছিলেন, "দারুণ একটা শিল্প দেখার জন্য অপেক্ষায় আছি"। প্রথম সিটিং-এর আট মাসের মধ্যেই সামনে এল দীপিকার মোমের মূর্তি। ২০১৬ সালে আইফা-র মঞ্চে দীপিকার লুকসের অনুকরণেই তৈরি হয়েছে এই স্ট্যাচু।
https://www.instagram.com/p/Bu_BA3VlYl_/