নভেম্বরেই গাঁটছড়া বাঁধছেন রণবীর-দীপিকা, বিয়ের কার্ড টুইট করলেন হবু বর
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই রটেছিল তাঁদের বিয়ে নাকি পিছিয়ে গেছে। নিন্দুকেরা বলতে শুরু করেছিলেন জুটি বোধহয় এ বার ভাঙছে। মন খারাপ হয়েছিল ভক্তদেরও। কিন্তু যাঁদের নিয়ে এত জল্পনা সেই দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন। টুঁ শব্দ
শেষ আপডেট: 21 October 2018 12:25
দ্য ওয়াল ব্যুরো: আচমকাই রটেছিল তাঁদের বিয়ে নাকি পিছিয়ে গেছে। নিন্দুকেরা বলতে শুরু করেছিলেন জুটি বোধহয় এ বার ভাঙছে। মন খারাপ হয়েছিল ভক্তদেরও। কিন্তু যাঁদের নিয়ে এত জল্পনা সেই দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং কিন্তু মুখে কুলুপ এঁটেছিলেন। টুঁ শব্দটি করেননি।
অবশেষে ভক্তদের স্বস্তি দিলেন দীপবীর। ছাপালেন বিয়ের কার্ড। প্রকাশ্যে জানালেন, এই নভেম্বরেই ছাদনাতলায় বসছেন তাঁরা। ২১ অক্টোবর বিয়ের কার্ড হাতে পাওয়ার পরেই টুইটারে তা শেয়ার করেন রণবীর সিং। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দীপবীরের বিয়ের কার্ড। অনুরাগীরা তো খুশি হয়েইছেন। সেই সঙ্গে রীতিমতো উৎসব শুরু হয়ে গিয়েছে টিনসেল টাউনে।
https://twitter.com/RanveerOfficial/status/1053957452830593024?s=19
সাদা-কাগজের উপর সোনালি হরফ দিয়ে লেখা হয়েছে দীপিকা-রণবীরের বিয়ের কার্ড। আগামী ১৪ এবং ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। কার্ডে অনুরাগী এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাতে কিন্তু ভোলেননি দীপবীর। বিয়ের তারিখ জানানোর পাশাপাশি তাঁরা লিখেছেন, "সেই সব মানুষদের ধন্যবাদ যাঁরা এত বছর ধরে আমাদের অফুরান ভালোবাসা দিয়েছেন। ভালোবাসা-বন্ধুত্ব-বিশ্বাসের এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার আশীর্বাদ কাম্য।"

তবে কবে বিয়ে আর কবেই বা রিসেপশন সেই বিষয়ে আলাদা করে কার্ডে কিছু বলা হয়নি। কিন্তু ফ্যানরা বলছেন, আগের কথা মতো ইতালির লেক কমোতেই বসবে বিয়ের আসর। আর সেখান থেকে দীপিকা-রণবীর সোজা উড়ে আসবেন মুম্বই তাঁদের গ্র্যান্ড রিসেপশনের জন্য।
অন্যান্য অনেক তারকাদের মতোই হলিডে ডেস্টিনেশন হিসেবে দীপিকার পছন্দের তালিকায় শীর্ষে থাকে ইতালি। দীপিকা-রণবীরের ঘনিষ্ঠারা জানিয়েছেন ইতালির প্রতি জুটির প্রেম এতটাই বেশী যে জীবনের সেরা দিনটা সেলিব্রেশনের জন্য ইতালির লেক কমো-কেই বেছে নিয়েছেন এই দুই তারকা। সূত্রের খবর, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের নিকট আত্মীয়রাই উপস্থিত থাকবেন এই বিলাসবহুল বিয়ের আসরে। মাঝে অবশ্য শোনা গেছিল দীপিকা-রণবীরের বিয়ের আসরে নাকি ফোন সঙ্গে রাখার অনুমতি মিলবে না। তবে এ বিষয়ে অবশ্য সঠিক ভাবে কিছু জানা যায়নি।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের সময়ে অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন বিরুষ্কার ঘনিষ্ঠ বন্ধরাই। বিরাট এবং অনুষ্কা নিজেও শেয়ার করেছিলেন বেশ কিছু ছবি। দীপিকা-রণবীরের বিয়ের ক্ষেত্রেও সেটাই হবে কিনা টা জানার জন্য মুখিয়ে রয়েছেন জুটির ফ্যানেরা। বিয়ের সাজে বর-কনে রূপে দীপিকা-রণবীরের লুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে নাকি তার জন্য অপেক্ষা করতে হবে এই দুই তারকার অনুরাগীদের সেই প্রশ্নই এখন ঘুরছে সবার মনে।