বহুতলের ছাদ থেকে নীচের দিকে দৌড়চ্ছেন জিৎ! দেখুন নায়কের হাড়কাঁপানো স্টান্ট
দ্য ওয়াল ব্যুরো : ঠিক যেন স্পাইডারম্যান। বহুতল বাড়ির উপর থেকে নীচের দিকে নেমে আসছেন। ভয়ডরের চিহ্ন মাত্র নেই মুখে। এ যেন তাঁর প্রতিদিনের রুটিন। আর এরকম দৃশ্য দেখার জন্যই তো মুখিয়ে থাকেন তাঁর অসংখ্য দর্শক। পড় পর্দায় তাই তিনি এলেই পড়ে হাততালি।
শেষ আপডেট: 14 November 2018 18:03
দ্য ওয়াল ব্যুরো : ঠিক যেন স্পাইডারম্যান। বহুতল বাড়ির উপর থেকে নীচের দিকে নেমে আসছেন। ভয়ডরের চিহ্ন মাত্র নেই মুখে। এ যেন তাঁর প্রতিদিনের রুটিন। আর এরকম দৃশ্য দেখার জন্যই তো মুখিয়ে থাকেন তাঁর অসংখ্য দর্শক। পড় পর্দায় তাই তিনি এলেই পড়ে হাততালি। মুখে বেজে ওঠে সিটি। সঙ্গে শোনা যায় নাম, 'জিৎ'।
পুরো নাম জীতেন্দ্র মদনানি। সেখান থেকেই ছোট করে 'জিৎ'। সেই সাথী ছবি দিয়ে যাত্রা শুরু। তারপর একের পর এক হিট ফিল্ম। কিন্তু হঠাৎ করেই ভাটা পড়েছিল তাঁর চাহিদায়। রোম্যান্টিক হিরো জিতকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তাই বেশ কিছুদিন গ্যাপের পর ফিরে আসেন নতুন রূপে। রোম্যান্টিক হিরো জিৎ হয়ে ওঠেন অ্যাকশন হিরো জিৎ। তারপর আওয়ারা, ওয়ান্টেড, জোশ, বস'এর মতো একের পর এক হিট ফিল্ম দিয়েছেন তিনি।
১৬ নভেম্বর মুক্তি পাচ্ছে মাল্টিস্টারার ছবি 'বাঘ বন্দি খেলা'। জিৎ ছাড়াও এই ছবিতে আছেন সোহম ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই সিনেমাতেই এক অকুতোভয় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন জিৎ। রয়েছে বেশ কিছু অ্যাকশন সিকুয়েন্স। আর সেই সব অ্যাকশন সিকুয়েন্স নিজেই করেছেন সুপারস্টার। কোনও স্টান্টম্যানের সাহায্য নেননি।
https://twitter.com/jeet30/status/1062669821068918788
সেই রকমেরই এক অ্যাকশন সিনের শ্যুটিংয়ের দৃশ্য নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জিৎ। নিজের টুইটারে দিয়েছেন সেই দৃশ্যের ভিডিও। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে বলেছেন, 'জীবনে কখনও নীচে নামায়, কখনও উপরে ওঠায়। তাই কোনও কিছুতেই ভয় পেয়ো না।' তারপরেই কোমরে দড়ি ঝুলিয়ে বহুতলের ছাদ থেকে নীচের দিকে মুখ করে দৌড়তে দেখা গেল জিতকে।
আর এই ভিডিও প্রকাশ পাওয়ার পরেই জিতের প্রশংসা শোনা গেছে অনুরাগীদের মুখে। তাঁদের বক্তব্য বাংলা ছবিতে জিতের মতো অ্যাকশন স্টার নেই। কেউ কেউ আবার এত বিখ্যাত হওয়ার পরেও জিতের কাজের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন।
তবে এই অ্যাকশনকে অসাধারণ কিছু বলতে নারাজ নেটিজেনদের একাংশ। তাঁদের বক্তব্য, বলিউডে সব নায়কই নিজের স্টান্ট নিজে করেন। এমনকী হিন্দি ছবির নায়িকারাও নিজেদের স্টান্ট নিজেরা করেন। দক্ষিণ ভারতেও একই ছবি। অনেক কঠিন কঠিন অ্যাকশন তাঁদের করতে হয়। এই অ্যাকশন করতে গিয়ে শাহরুখ, সলমনের মতো তারকারাও চোট পান। হলিউডের কথা তো ছেড়েই দেওয়া যাক। সেই নিরিখে জিতের স্টান্ট এমন কিছু আহামরি নয়। বরং অনেকটাই সাধারণ।