পাবলিক বাসে বিগ বি, কলকাতার ট্রাম, পথ-ঘাট, লড়াই, স্মৃতির আঁকিবুকি অমিতাভের মনে
দ্য ওয়াল ব্যুরো: কখনও গরুর গাড়িতে চড়ছেন, কখনও বা পাবলিক বাসে। আবার কখনও খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে আরাম করছেন ( যদিও ৬ ফুট ২ ইঞ্চির শরীরের অর্ধেকের বেশি খাটিয়ার বাইরে )। হঠাৎ করে যেন নিজের পুরনো জীবনে ফিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের অনুভূতির ক
শেষ আপডেট: 10 January 2019 08:34
দ্য ওয়াল ব্যুরো: কখনও গরুর গাড়িতে চড়ছেন, কখনও বা পাবলিক বাসে। আবার কখনও খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে আরাম করছেন ( যদিও ৬ ফুট ২ ইঞ্চির শরীরের অর্ধেকের বেশি খাটিয়ার বাইরে )। হঠাৎ করে যেন নিজের পুরনো জীবনে ফিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের অনুভূতির কথা শেয়ারও করছেন বলিউডের শাহেনশা।
সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ছবির শ্যুটিংয়ের জন্য মহারাষ্ট্রের নাগপুরে গিয়েছেন বিগ বি। সেখানেই শ্যুটিংয়ের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে, পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়ায় নস্ট্যালজিক হয়ে পড়ছেন অমিতাভ বচ্চন। একটি ছবিতে গরুর গাড়িতে তাঁর চড়ার ছবি ও খাটিয়ার মধ্যে শুয়ে থাকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, "অনেক দিন পর গ্রামের খাটিয়ার আনন্দ পেলাম, গরুর গাড়িতেও চড়লাম।"
https://twitter.com/SrBachchan/status/1082729246110507008
আবার কোথাও পাবলিক বাসে করে যাওয়ার ছবি দিয়ে সেখানে অমিতাভ লিখেছেন, "ওরা আমাকে জিজ্ঞাসা করে, শেষবার কবে আমি বাসে চড়েছি। আমি বলি আজকেই বিকেলে। কলেজ ও কাজ খোঁজার দিনগুলোতে বাসে ও ট্রামে করে আমার জার্নির কথা মনে পড়ে যাচ্ছে।"
https://twitter.com/SrBachchan/status/1082727548205846529
বোঝা যাচ্ছে, অনেক দিন পর নিজের পুরনো দিনের কথা মনে পড়ে যাওয়ায় নস্ট্যালজিক হয়ে পড়েছেন অমিতাভ। সত্যি তো এলাহাবাদের ( বর্তমানে প্রয়াগরাজ ) এক গ্রামেই জন্ম তাঁর। তারপর পড়াশোনা শেষ করে যৌবনের একটি বড় অংশ তাঁর কেটেছে কলকাতায়। কাজের সন্ধানে। ২০১৪ সালে পিকু ছবির শ্যুটিংয়ে কলকাতায় এসে সাইকেল চালিয়ে শ্যুটিংয়ের পর নিজের কলকাতা জীবনের অনেক কথা শেয়ার করেছিলেন বিগ বি।

তখন ১৯৬২ সাল। কলকাতায় এসে চাকরির চেষ্টা করছিলেন। প্রথমে কোল মাইন কোম্পানিতে ট্রেনি হিসেবে জয়েন। তারপর কিছুদিন বার্ড হেইলগার, কিছুদিন ব্ল্যাকার অ্যান্ড কো এবং সবশেষে শ' ওয়ালেস কোম্পানি। সব কোম্পানিতেই এক্সিকিউটিভ ট্রেনির কাজ। মাইনে পেতেন ৪৮০ টাকা। তারমধ্যে ফ্রি স্কুল স্ট্রিটের ঘুপচিতে থাকা ও অন্যান্য খরচ বাবদ ৩৫০ টাকা খরচ হয়ে যেত। দুপুরের পর থেকে খাবার হিসেবে ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ২ টাকার ফুচকা। সারাদিন পেট ভরে থাকত। পরেরদিন অফিসে গিয়ে ফ্রি লাঞ্চ। যাতায়াতের জন্য পাবলিক বাস ও ট্রাম। এই ছিল দিনলিপি।
এর মধ্যেই থিয়েটার করেছেন। নিজেকে অভিনয় জগতে আরও ঝালিয়ে নিয়েছেন। আকাশবাণী বাতিল করলেও মৃণাল সেনের 'ভুবনসোম' ছবিতে প্রথম ভয়েস ওভার দিয়েছিলেন। তারপর 'সাত হিন্দুস্তানী'। আর পিছন ফেরে তাকাতে হয়নি। কয়েক দশক ধরে বলিউডে একের পর এক হিট ছবি দেওয়ার পরেও নিজের শিকড়কে ভোলেননি অমিতাভ। এখনও মনে পড়ে নিজের স্ট্রাগলিং জীবনের কথা। মনে পড়ে তিলোত্তমাকেও।