
শেষ আপডেট: 18 September 2018 12:49
আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সম্পর্ক এখন টিনসেল টাউনের ওপেন সিক্রেট। দুই তারকা অবশ্য এ বিষয়ে প্রকাশ্যে তেমন কিছুই বলতে চান না। তবে হাবভাব-আকার-ইঙ্গিত সবেতেই এটা স্পষ্ট যে চুটিয়ে প্রেম করছেন রণবীর-আলিয়া।
দুই পরিবারের তরফেই এ সম্পর্কে কোনও বাধাও নেই। কাপুর খানদানের অনেক পার্টিতেই দেখা যায় আলিয়াকে। আবার আলিয়ার বাংলোর বারন্দায় বসে মহেশ ভাটের সঙ্গে জমিয়ে আড্ডা মারেন রণবীর। এ দিকে নীতু সিংয়ের সঙ্গেও বেশ ভাব রয়েছে আলিয়ার। সম্প্রতি কাপুর ফ্যামিলির সঙ্গে একটি ডিনার ডেটেও যেতে দেখা গিয়েছিল তাঁকে।
অয়ন মুখার্জীর আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র শ্যুটিংয়েই আপাতত ব্যস্ত রয়েছেন আলিয়া এবং রণবীর। সম্প্রতি বুলগেরিয়া থেকে শ্যুটিং সেরে দেশে ফিরেছেন দুই তারকা। তবে কিছুদিন আগেই আলিয়া বলেছিলেন, বিয়ে করতে তাঁর বেশি দেরি নেই। ঋষি কাপুরও বলেছিলেন এটাই নাকি রণবীরের বিয়ের সঠিক সময়। কারণ ছেলের এখন বিয়ে হলে তিনি অন্তত নাতি-নাতনির সঙ্গে খেলা করার সুযোগ পাবেন। এ বার সোনি রাজদানও জানিয়ে দিলেন রণবীরকে তাঁর বেজায় পছন্দ। তাই বিয়ের সানাই বাজতে আর বেশি দেরি নেই বলেই মনে করছেন রণবীর-আলিয়া জুটির ফ্যানরা।