
শেষ আপডেট: 10 July 2019 09:56
ঘটনার সূত্রপাত, কঙ্গনার আগের ছবি 'মণিকর্ণিকার' সময় থেকেই। অভিনেত্রীর অভিযোগ, সাংবাদিক জাস্টিন রাও সে সময় জেনেবুঝে তাঁর ছবি নিয়ে অযথা অপপ্রচার করেছিলেন। ৭ জুলাই 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র মিউজিক লঞ্চে এসে সেই জাস্টিনেরই মুখোমুখি হয়েছিলেন কঙ্গনা। সাঙ্গাব্দিকের প্রশ্নের পরেই তাঁকে পালটা প্রশ্ন ছোঁড়েন অভিনেত্রী। এরপরেই শুরু হয় কথা কাটাকাটি। ভাইরাল হয় কঙ্গনা এবং জাস্টিনের ঝগড়ার ভিডিও।
এই ঘটনাকে কেন্দ্র করেই বেজায় ক্ষেপে গিয়েছে সাংবাদিক মহল। কঙ্গনাকে বয়কট করা হবে শুনে বেজায় বিপাকে পড়েছেন 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র প্রযোজক একতা কাপুরও। ইতিমধ্যেই বালাজি টেলিফিল্মসের তরফে বিবৃতি দিয়ে লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একতা লিখেছেন, "যদিও দু'পক্ষের কথা কাটাকাটি তাঁদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই হয়েছে। তবে যেহেতু এই ঘটনা আমাদের প্রযোজিত ছবির মিউজিক লঞ্চে হয়েছে তাই আমরা ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়।"
যদিও একতা ক্ষমা চেয়ে নিলেও এখনও ক্ষমা চাননি কঙ্গনা। উল্টে তাঁর দিদি রঙ্গোলি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন, "কঙ্গনা কোনওভাবেই ক্ষমা চাইবেন না। আপনারা ভুল লোককে ক্ষমা চাইতে বলেছেন।"