
ফাইল চিত্র
শেষ আপডেট: 1 January 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে শুরু নতুন বছর। উল্টে গিয়েছে ক্যালেন্ডারের পাতা। বিদায় ২০২৪-কে বিদায় জানিয়ে ২০২৫ এসেছে। নতুন বছর মানেই নতুন আশা ও স্বপ্ন। সিনে দুনিয়াতেও শুরু হয়েছে নতুন বছরের উত্তেজনা, কারণ জানুয়ারিতেই মুক্তি পেতে চলেছে একাধিক বড় বাজেটের সিনেমা। নতুন বছরের প্রথম মাসেই বক্স অফিস কাঁপাতে কোন কোন সিনেমা আসছে, তা দেখে নেওয়া যাক।
ফতেহ (১০ জানুয়ারি)
প্রথমবার পরিচালকের আসনে বসেছেন সনু সুদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে সনুর সঙ্গে অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ এবং বিজয় রাজ। ইতিমধ্যেই ছবির ট্রেলার দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। প্রথম দিনের আয় নিয়ে বিশেষজ্ঞদের আশা ২ থেকে ৩ কোটি টাকার।
গেম চেঞ্জার (১০ জানুয়ারি)
দক্ষিণী সিনেমার বহুল প্রতীক্ষিত ছবি এটি। পরিচালক এস শঙ্করের হাত ধরে তৈরি এই পলিটিক্যাল থ্রিলারে রাম চরণ অভিনয় করেছেন। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন কিয়ারা আদবানি। তেলুগু ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। ফলে বোঝাই যাচ্ছে, নতুন বছরে বক্স অফিসে ধামাকা হতে চলেছে।
এমারজেন্সি (১৭ জানুয়ারি)
কঙ্গনা রানাওয়াত পরিচালিত ও অভিনীত এই ছবি শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি কঙ্গনার প্রথম পরিচালনা। মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
আজাদ (১৭ জানুয়ারি)
কঙ্গনার ছবির সঙ্গেই মুক্তি পাবে অভিষেক কাপুর পরিচালিত আজাদ। এটি একটি পিরিয়ড ড্রামা, যেখানে নতুন মুখ অমন দেবগণ ও রাশা থড়ানির ডেবিউ হবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অজয় দেবগণ।
স্কাই ফোর্স (২৪ জানুয়ারি)
অক্ষয় কুমারের এয়ারিয়াল অ্যাকশন ড্রামা নিয়ে আসছেন সন্দীপ কেওলানি। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পেতে চলা এই ছবি অভিনেতার বক্স অফিসের সাফল্য ফিরিয়ে দিতে পারে কি না, সেটাই দেখার।
দেবা (৩১ জানুয়ারি)
অ্যাকশন ঘরানায় দীর্ঘদিন পর ফিরছেন শাহিদ কাপুর। রোশান অ্যান্ড্রিউস পরিচালিত এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে শাহিদকে। ছবিটি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা তুঙ্গে। অবশেষে নতুন বছরের শুরুতেই ছবিটি মুক্তি পাবে।
বিনোদিনী (২৩ জানুয়ারি)
বাংলা সিনেমার মধ্যেও রয়েছে উত্তেজনা। দেব প্রযোজিত এবং রুক্মিণী মৈত্র অভিনীত এই ছবি বিদ্যাসুন্দরী বিনোদিনীর জীবনকাহিনী অবলম্বনে তৈরি। নতুন বছরের জানুয়ারিতেই বক্স অফিসে শুরু হবে হাড্ডাহাড্ডি লড়াই। কোন ছবি বক্স অফিস কাঁপাবে আর কোনটি দর্শকের মনে জায়গা করে নেবে, তা বলবে সময়।