
শেষ আপডেট: 7 February 2022 12:55
নিজের ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক অনিলাভ জানালেন,"সরস্বতী' মূলত এক মহিলার ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। সংসারের জাঁতাকলে পড়ে অনেক নারী প্রতিভারই অকালমৃত্যু ঘটে এ সমাজে। কখনও আবার স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের বহুলালিত স্বপ্ন, সাধ জলাঞ্জলি দিতে হয়। তারপর সময়ের সঙ্গে সঙ্গে শরীরে মনে বার্ধক্য বাসা বাঁধে। একটা প্রতিভা হারিয়ে যায় চিরতরে।
অথচ ভেবে দেখলে, বয়স তো একটা সংখ্যা মাত্র। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে জীবনের সেই দীর্ঘলালিত ইচ্ছে পূরণের গল্পে নতুন করে কি শান দেওয়া যায় না? নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত 'আমি'কে জাগিয়ে তোলা যায় না? এই ছবিতে আমি নিজের মতো করে এইসব প্রশ্নেরই উত্তর দিতে চেষ্টা করেছি। প্রত্যেকটা মানুষই ছোট থেকে কিছু একটা ভালোবেসে বড় হয়। তারপর সময়ের দাবি মেনে সে বিষয় থেকে হয়তো তাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়। কিন্তু তারপরও ভালোবাসাকে আঁকড়ে নিয়ে মানুষ যদি বেঁচেও থাকতে পারে তবে সেটাও একটা মানুষের জন্য অনেক কিছু। এই শর্টফিল্মে সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই বলতে চেয়েছি।"
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী সুদীপ্তা জানান, 'আমি প্রায়ই শর্টফিল্মের অফার পাই। কিন্তু কোনও না কোনও কারণে তা আর করা হয়ে ওঠে না। সত্যি বলতে কি অনিলাভদা র সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। ছবিতে চরিত্রটি এত সুন্দরভাবে বলা হয়েছে যে কারণে এ শর্টফিল্মটা করতে এককথায় রাজি হই। গল্পটি খুব সহজ, সূক্ষ্ম আর সুচারুভাবে তুলে ধরা হয়েছে।'
অ্যাপেলো ২৪৭ প্রযোজিত এই শর্টফিল্মটি গ্রেমাইনড ফিলমস-এর ইউটিউব চ্যানেলে স্ট্রিম হচ্ছে এবং খুব শিগগিরই এই ছবিটি আড্ডা টাইমসে স্ট্রিমিং হবে।