
শেষ আপডেট: 6 January 2021 08:50
সিনেমা-প্রেমীদের মধ্যেও আবার ভাগ আছে। কেউ কেউ যেমন পারিবারিক কাহিনি, প্রেমের কাহিনি দেখতে পছন্দ করেন, আবার কেউ রহস্য, থ্রিলারের স্বাদ পেতে চান সিনেমায়। রিনো দত্তের 'সিটি অফ জ্যাকেলস' পুরোটাই রহস্যে মোড়া এক কাহিনি। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলার জনপ্রিয় অভিনেতাদের। সিনেমায় থাকছেন জয় সেনগুপ্ত, সায়নী ঘোষ, শান্তিলাল মুখার্জি, দেবপ্রসাদ হালদার, অমিত সাহা, আর কে সিং।
এক ছাপোষা সাধারণ মানুষ, পেশায় কলকাতা শহরে কাজ করতে আসা এক পরিযায়ী শ্রমিক, হঠাৎই এক টাকা ভর্তি ব্যাগ খুঁজে পান। সে টাকা নিজের হাতে ছুঁয়ে স্বচ্ছল জীবনযাপনের স্বপ্ন দেখেন তিনি। কিন্তু স্বপ্ন কি আদৌ সত্যি হবে! নাকি 'ধূর্ত শেয়ালে' ভরা এই শহরে অন্য গতিপথে জীবন ঘুরে যাবে! এই নিয়েই 'সিটি অফ জ্যাকেলস'-এর কাহিনি। কী হবে শেষ পর্যন্ত দেখতে হলে আসতেই হবে প্রেক্ষাগৃহে।
সিনেমার পুরো শ্যুটিংটাই হয়েছে কলকাতা শহরে। কলকাতার মানুষ, বাংলার মানুষ এক নতুন কলকাতাকে দেখতে পাবে বলে দাবি করেছেন পরিচালক। ইতিমধ্যেই ছবির কাজ অনেকটা এগিয়ে গেছে। ছবির কলাকুশলীরা প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড। মার্চ মাসে মুক্তি পাওয়ার পর দর্শকদের মত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।