
শেষ আপডেট: 17 June 2023 11:23
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর বয়স থেকে দাবা খেলতে পারেন। এরপর ধীরে ধীরে গোটা কলকাতায় তাঁর নাম ছড়িয়ে পড়ে। একের পর এক পদক জিততে শুরু করেন। এরপর মাত্র ১৯ বছর বয়সেই দাবার গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। যা সেসময় এক বিশ্বরেকর্ড। কলকাতার এই বিস্ময় বালকের নাম সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। এবার তাঁকে নিয়ে টলিউডে তৈরি হচ্ছে নতুন সিনেমা। ছবির নাম ‘দাবাড়ু’। প্রযোজনায় উইন্ডোজ।
বরাবরই বাস্তব নির্ভর সিনেমা বানাতে বেশি পছন্দ করেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। এবারও তাঁর অন্যথা হল না। যদিও শিবু-নন্দিতা জুটি এই ছবিটি শুধু প্রযোজনাই করছেন। ‘দাবাড়ু’র পরিচালক পথিকৃৎ বসু। যিনি এর আগে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘কাছের মানুষ’-এর মতো সিনেমা বানিয়েছেন। যদিও সে ছবিগুলি বক্স অফিসে তেমন সাফল্য লাভ করেনি। তবে উইন্ডোজ-এর ব্যানারে এসে তাঁর ভাগ্যের চাকা ঘুরবে বলেই মনে করছেন টলিপাড়া।
শনিবার দুপুরে উইন্ডোজের সোশ্যাল মিডিয়ায় ‘দাবাড়ু’র পোস্টার প্রকাশ করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, একটি দাবার বোর্ড। তাতে রয়েছে রাজা, মন্ত্রী, বোড়ে, নৌকা, ঘোড়ার ঘুঁটি। তার উপর একটি বাচ্চার হাত, যে বোড়ে অর্থাৎ সৈন্য দিয়ে রাজাকে ফেলে কিস্তিমাত করছে। ছবিটি একঝলক দেখলে সাধারণ দাবা খেলাই মনে হবে। তবে একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে যে, ছবিটি বিশেষ অর্থবহন রয়েছে। তা হল সৈন্যকে দিয়ে রাজাকে হারানো।
সঙ্গে ক্যাপশনে লেখা, “উত্তর কলকাতার রক থেকে প্রতিকূলতার বেড়া ডিঙিয়ে এক বাঙালির বিশ্বমঞ্চে উঠে আসার গল্প— সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই উইন্ডোজ প্রযোজিত, নন্দিতা রায় এবং সঞ্জয় আগরওয়াল নিবেদিত, পথিকৃৎ বসুর পরের ছবি- দাবাড়ু।” ছবিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ চক্রবর্তী, কৌশিক সেনের মতো অভিনেতারা। আগামী শীতে বড়পর্দায় মুক্তি পাবে ‘দাবাড়ু’।
‘দত্তা’ ঋতুপর্ণা বড়পর্দার শরৎ-নায়িকা, নেপথ্যে ফোটোগ্রাফার থেকে পরিচালক হয়ে ওঠা নির্মলদা