
জওয়ান সিনেমায় শাহরুখ খান
শেষ আপডেট: 5 June 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: কী না সহ্য করতে হয়েছে লোকটাকে? ২০১৮ সালের পর থেকে চার বছর কোনও সিনেমা করেননি তিনি। সংবাদমাধ্যমের সামনেও তাঁকে বেশি দেখা যায়নি। কিন্তু তিনি যে ছিলেন এবং দেশের সিনেমা জগতের সবথেকে বড় কামব্যাক করার প্রস্তুতি নিচ্ছিলেন, সেটা বোঝা গেছিল ২০২৩ সালে। 'পাঠান' দিয়ে তোলপাড় শুরু করা শাহরুখ খান বছরটি শেষ করেন 'ডাঙ্কি' দিয়ে। তবে তাঁর যে সিনেমা লোকসভা ভোটের মাঝে এবং পরেও চর্চায় রয়েছে তা 'জওয়ান'।
এবারের লোকসভা ভোটের প্রচারে নিজেকে 'ভগবানের দূত' বলতেও কার্পণ্য করেনি নরেন্দ্র মোদী। স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর ঠিক যেখানে ধ্যানমগ্ন হয়েছিলেন, সেখানেই ৪৫ ঘণ্টার ধ্যান সেরে এসেছেন তিনি। ভোটের প্রচারে সংখ্যালঘু বিরোধী নানা মন্তব্য করা থেকে রাম মন্দির তৈরির ঢাক পেটানো, বিতর্কিত সিএএ কার্যকর করে দেওয়া থেকে দেশের বিরোধী দলগুলিকে তাচ্ছিল্য করা, সবই করেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। কিন্তু ভোটের ফল অন্য লেখা লিখে দিয়েছে। ‘অব কি বার চারশো পার’ স্লোগান তোলা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও হারিয়েছে।
চমকপ্রদভাবে 'ইন্ডিয়া' জোট এবার দুর্দান্ত ফলাফল করেছে। মোদী-শাহর সমালোচকেরা অনেকেই বলছেন, এনডিএ সরকার গড়লেও, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হলেও দেশে যে 'একনায়কতন্ত্র'-এর পরিবেশ তৈরি হয়েছিল, তা নিপাত গেছে এই লোকসভা ভোটের ফলাফলে। বিরোধী শিবির তো ভাল কাজ করেছে, তবে সোশ্যাল মিডিয়া এখনও বুঁদ হয়ে রয়েছে শাহরুখ খানে! অনেকেই মনে করছেন, 'জওয়ান' সিনেমায় শাহরুখ যে মনোলগ বলেছেন তা গভীর প্রভাব ফেলেছে দেশের আম নাগরিকের মনে। আর তাতেই নড়ে গেছে বিজেপির ভিত।
''টাকা, জাত-পাত, সাম্প্রদায়িকতার জন্য ভোট চাইতে আসা নেতাদের প্রশ্ন করুন, তারা আপনার জন্য আগামী ৫ বছর কী করবেন? ছেলেমেয়েদের শিক্ষা-স্বাস্থ্যর জন্য কী করবেন? চাকরি দিতে কী করবেন? অসুস্থ হলে পরিবারের জন্য কী করবেন?'' নির্বাচনকে মাথায় রেখে এইসব প্রশ্ন সিনেমার পর্দা থেকেই বাস্তবের মাটিতে ছুড়ে দিয়েছিলেন 'কিং খান'। সোশ্যাল মাধ্যমের অনেকের ধারণা, সেই প্রশ্নগুলিই লুফে নিয়ে ইভিএম মেশিনে তার জবাব দিয়েছে মানুষ। শাহরুখ দেশকে উন্নতির পথে নিয়ে যেতে চেয়েছেন, এবারের লোকসভা ভোটের ফল তারই ভিত গড়ে দিয়েছে বলে বিশ্বাস করছেন অনেকেই।

'জওয়ান' ছবিতে একাধিক এমন ঘটনা দেখানো হয়েছে যার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি সরকারের সংযোগ ছিল। 'পাঠান'-এর মতো 'জওয়ান'-কেও বয়কট করার ডাক উঠেছিল। তবে সেই ডাকে যে কেউই সাড়া দেয়নি তা ছবির বক্স অফিস কালেকশন বলে দেয়। তবে দেশের সরকার নির্বাচনের সময়ও যদি কোনও সিনেমা বা তাঁর নায়ক কিংবা তার কোনও ডায়লগ নিয়ে এত আলোচনা হয়, তাহলে মনে হয় সেটা আর শুধু সিনেমা থাকে না, উদাহরণ হয়ে যায়।