
শেষ আপডেট: 8 March 2024 14:44
দ্য ওয়াল ব্যুরো: রয়্যাল দিল্লি ক্লাবে প্রায়ই কিছু হাই সোসাইটির মেম্বাররা মিলিত হন। ব্রিটিশদের তৈরি সেই ক্লাবে একদিন রাতে একটি খুন হয়। অতজন সদস্যের মধ্যে কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেই তদন্ত করতে আসেন একজন পুলিশ অফিসার, পঙ্কজ ত্রিপাঠি। কিন্তু তদন্ত করতে গিয়ে বোঝা যায়, সেই রাতে যারা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকেরই এই হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার যথেষ্ট মোটিভ রয়েছে। এই জট ছাড়িয়ে খুঁজে নিতে হবে আসল খুনিকে। সফল হবেন কি পঙ্কজ ত্রিপাঠি?
এক ঝাঁক তারকাকে নিয়ে আসতে চলেছে, 'মার্ডার মুবারক'। সারা আলি খান, বিজয় বর্মা, ডিম্পল কাপাডিয়া, করিশ্মা কাপুর, সঞ্জয় কাপুর, টিস্কা চোপড়া আরও অনেকে। হোমি আদাজানিয়া পরিচালিত এই থ্রিলারের আসল চমক স্টার কাস্ট! 'ককটেল', 'আংরেজি মিডিয়াম'-এর মতো এই ছবিরও পরিচালনা করেছেন হোমি।
ট্রেলার দেখে অনেকেই ২০১৯ সালের 'নাইভস আউট' ছবির সঙ্গে তুলনা করেছে। এর প্রেক্ষাপটও অনেকটা এরকমই। তারকাখচিত এক সন্ধেতে মৃত্যু হয় একজনের। কিন্তু খুনি কে? ঘটনার গভীরে গিয়ে বোঝা যায় প্রত্যেকেই কোনও না কোনও ভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। 'মার্ডার মুবারক' কি তবে হলিউড স্টাইল দেখেই অনুপ্রাণিত?
নেটফ্লিক্সে ১৫ মার্চ মুক্তি পেতে চলেছে 'মার্ডার মুবারক'। সমস্ত প্রশ্নের উত্তর সেদিনই মিলবে।