
নীল-তৃণা
শেষ আপডেট: 5 May 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী তৃণা সাহার সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন এখনও থিতিয়ে যায়নি। তাঁরা যদিও বিচ্ছেদের খবরকে রটনা বলে উড়িয়ে দিয়েছেন, তবে চর্চা চলছেই। এর মধ্যেই জীবনের অন্যতম পদক্ষেপ করলেন অভিনেতা নীল ভট্টাচার্য। ছাড়লেন শহর কলকাতা। অল্প দিনের জন্য নয়। আগামী বেশ কয়েক মাসের জন্য তাঁর গন্তব্য হতে চলেছে মুম্বই। ভাগ্য বদলের আশায় সেখানেই পাড়ি জমাতে চলেছেন নীল।
মন খারাপ অভিনেতার। প্রিয়জনদের থেকে দূরে থাকতে হবে বেশ কিছুটা সময়। সমাজমাধ্যমে এয়ারপোর্ট থেকে এক ভিডিও শেয়ার করে নীল লিখেছেন, "জীবনের অন্যতম কঠিন পদক্ষেপের প্রমাণ হিসেবে এই ভিডিওটা রেখে দিলাম। এই প্রথম বার কাছের মানুষদের ছাড়াই কলকাতা ছাড়ছি। নতুন জার্নি, নতুন চ্যালেঞ্জ। মুম্বই আমার প্রতি দয়ালু হও।"
" />মুম্বইয়ে বেশ কিছু কাজে যাচ্ছেন নীল। জানা যাচ্ছে, কোরিওগ্রাফার শক্তি মোহনের নাচের ক্লাসে ভর্তি হতে চলেছেন তিনি। এ ছাড়াও হিন্দি উচ্চারণ যাতে আরও ভাল হয় সে দিকেও নজর থাকবে তাঁর। এই সফরে তৃণা নেই। সদ্য শুরু হয়েছে তৃণার নতুন ধারাবাহিকের কাজ। ধারাবাহিকটি টিআরপিতে বেশ ভালই ফল করেছে। এই মুহূর্তে তাঁর কেরিয়ারও ভাল দিকেই বইছে। কিছু দিন আগেই নীলের ধারাবাহিকের কাজ শেষ হয়েছে। আপাতত আরও বড় উদ্দেশ্য নিয়ে অভিনেতা যাচ্ছেন মুম্বই।
এর আগে যখন তাঁদের বিচ্ছেদের রটনা নিয়ে টলিউডের অলিগলি উত্তাল ঠিক তখনই দ্য ওয়ালের কাছে এক্সক্লুসিভলি মুখ খুলেছিলেন নীল। তিনি বলেন, "যারা চুক্তির বিয়ে, চুক্তির বিয়ে বলছেন, তাঁদের কাছে জানতে চাই, চুক্তিটা কোথায়? কেউ কি দেখেছেন? এই চুক্তির বিয়ে কী হয়? তা আমার জানা নেই। আগামী রবিবারও আমার আর তৃণার একসঙ্গে শুট রয়েছে। তবু কেন এই নিয়ে এত কথা? কর্মব্যস্ততার কারণে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে না, তার মানে তো এটা হতে পারে না আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে!" নীল আরও বললেন, "একটা সংসারে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হতেই পারে। সব কিছুকে বিচ্ছেদের তকমা দিয়ে দেওয়া হলে তো মুশকিল। যারা রটাচ্ছে তাঁরাই বা কারা?"
কিছুদিন আগেও এক ফ্যাশন শো-য়ে একসঙ্গে দেখা গিয়েছে নীল-তৃণাকে। তৃণা নিজেও জানিয়েছিলেন, সব ঠিকই আছে তাঁদের মধ্যে। তবে আপাতত 'লং ডিসট্যান্স ম্যারেজ'কেই গ্রহণ করে নিয়েছেন তাঁরা। কথাতেই তো বলে, কিছু পেতে গেলে কিছু হারাতেও হয়।