
বান্টি-গর্গ। গ্রাফ্রিক্স: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 21 November 2024 16:19
‘বাঙালিরা ঘুমিয়ে আছে...ক্লান্ত হয়ে গিয়েছে মোমবাতি মিছিল করতে করতে’। ‘বাঙালি-বিহারী’ এক স্ট্যান্ডআপ কমেডিয়ান বান্টি বন্দ্যোপাধ্যায়ের (bunty banerjee comedian) এমন এক বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। কমেডিয়ান সময় রায়নার শো, ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’, বহু নেতিবাচক কারণে নজর কেড়েছে। সেই শো-য়ের একটি এপিসোড মুক্তি পায় গত ১৬ নভেম্বর।
একেবারে শেষের পারফর্ম্যান্সটি ছিল বান্টি বন্দ্যোপাধ্যায়ের। কমেডি প্যানেলের উপস্থিত ছিলেন সময় রায়না (Samay Raina), তন্ময় ভাট (Tanmay Bhat), প্রযোজক ও অভিনেতা রঘু রাম (Raghu Ram), স্নায়ু বিশেষজ্ঞ ডাঃ সিড ওয়ারিয়ার এবং হ্যাবিট্যাট (ভেন্যু) মালিক বলরাজ সিং।
বান্টি—যিনি আগে দীপিকা পাড়ুকোনের ‘ডিপ্রেশন’ অবস্থাকে উপহাস করে বিতর্কের জন্ম দিয়েছিলেন, সেই বান্টি বন্দ্যোপাধ্যায় ফের আরজি কর ধর্ষণ-খুনের নৃশংস ঘটনা নিয়ে রসিকতা করেন। প্রতিবাদের মিছিলকে রসিকতার ভঙ্গিতে কটাক্ষ করার পরই গোটা দশে জুড়ে মিলছে প্রতিক্রিয়া। কমেন্ট সেকশনে একের এক প্রশ্নবাণ ধেয়ে আসছে। কেউ লিখছেন ‘আপনার মান-হুঁশ আদপে রয়েছে?’ কেউ লিখছেন ‘সব বিষয় নিয়ে রসিকতা করা যায় না’।
ভাইরাল ক্লিপটির একাংশে, বান্টি বন্দ্যোপাধ্যায় নিজেকে একজন বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন যিনি বিহারে বেড়ে উঠেছেন। তাঁকে বলতে শোনা যায়, ‘‘যখনই কোনও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি হয়, আমার মধ্যে বাঙালিটা ঘুমিয়ে পড়ে এবং বিহারী জেগে ওঠে,’’ এখানেই শেষ নয়। তিনি বলেন আমার বিহারী এবং আমার বাবা নাইট ওয়াচম্যান নয়।
‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’-এর গোটা ভিডিয়োটি সময় নিয়ে দেখেছেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। দ্য ওয়াল-এর পক্ষ থেকে তাঁকে ফোনে ধরতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বললেন, ‘‘ভদ্রমহিলা নিজের বাপ-ঠাকুরদাকেও অপমান করতে বাদ রাখেননি...’’ খানিক চুপ থেকে ফের শুরু করলেন গর্গ ‘‘আমি জানি না বান্টি কি সচেতন নাগরিক? তিনি কি জানেন, বাঙালিরা ঘুমিয়ে ছিল না যখন তাঁদের ভাগলপুর, কাঠিয়ার, পূর্নিয়া, কিষাণগঞ্জ, মানভূম, গিরিডি থেকে ঘাড় ধরে তাড়ানো হয়েছিল? কত বাঙালি মহিলাদের ধর্ষণ করা হয়েছে? তাঁদের বাপদাদাদের সম্পত্তি জবরদখল করা হয়েছে? যাঁর রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিল, অজিত সরকারের মতো মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে? এই তথ্য কি উনি জানেন? যদি জানতেন তা হলে এমন এক বিষয় নিয়ে মতামত রাখার সাহস তাঁর থাকত না।’’
থামলেন না গর্গ। ফোনের ওপারেও তাঁর স্বর জোরালো, ক্ষুব্ধ এবং উত্তেজিত। বললেন, ‘‘এই যে মোমবাতি মিছিলের প্রসঙ্গ বান্টি ম্যাডাম তুললেন, ধর্ষণ-খুনের নৃশংস ঘটনাকে নিয়ে। উনি কি এটা জানেন, যে যিনি এই ঘটনার মূল অভিযুক্ত, সঞ্জয় রাই, বিহার থেকে আসা পরিবারেরর সন্তান। সে আজও জেগে আছে, আর যিনি ঘুমিয়ে আছেন তিনি এক বাঙালি মায়ের সন্তান, তিলোত্তমা! ঘুমন্ত বাঙালি এবং জাগ্রত বিহারীর সঙ্গে, বান্টিদেবীর কথা তো হুবহু মিলে যাচ্ছে। এই কম্বিনেশন বাঙালি মনে রাখবে!ֹ’’
বাংলা প্রতিবাদের শহর। প্রতিরোধেরও। এটা বাঙালির অহঙ্কারও। তবে অনেকেই মনে করছেন, সেই অহঙ্কার যদি কয়েক মিনিটে ‘খোরাকে’ বদলে যায়, শুধুমাত্র লাইকস, শেয়ার কিংবা সাবস্ক্রাইবের পাল্লায়, তাহলে তা বাঙালির দুর্ভাগ্য! তারই প্রমাণ যেন ছত্রে-ছত্রে মিলছে ভাইরাল ক্লিপটির কমেন্টবক্সে।
দেখুন সেই ভিডিও
View this post on Instagram