
শেষ আপডেট: 12 June 2022 05:51
দ্য ওয়াল ব্যুরো: মহাবলিপূরমে স্বপ্নের বিয়ে সেরেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা (Nayanthara) এবং পরিচালক-প্রযোজক ভিগনেশ শিবন (Vignesh Shivan)। তাঁর সেই বিয়েতে বসেছিল তারকাদের চাঁদের হাট। দক্ষিণী তারকারা তো বটেই, বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড সেলিব্রিটিরাও। কিন্তু বিয়ের পরপরই বিতর্কে জড়িয়ে পড়েছেন নয়নতারা আর ভিগনেশ।

বিয়ের পর (Nayanthara Vignesh Wedding) কল্যাণৎসবম অনুষ্ঠানের জন্য তিরুপতির মন্দিরে গিয়েছিলেন নবদম্পতি। সেখানে ভগবান বেঙ্কটেশ্বরের আশীর্বাদ নেন তাঁরা। কিন্তু এই মন্দিরেই বিতর্ক। দেখা গেছে মন্দিরে যখন নয়নতারা হাঁটাচলা করছেন, তাঁর পায়ে রয়েছে জুতো। জুতো পরেই মন্দিরে ঢুকেছেন তিনি। সেসব ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের নিয়ম অনুযায়ী মন্দির চত্বরে পায়ে জুতো পরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।
শুধু তাই নয়, মন্দিরের আরও নিয়ম ভেঙেছেন নয়নতারারা। ওই মন্দির চত্বরে তাঁরা ফটোশ্যুট করেছেন। তারও অনুমতি নেই। মন্দিরে ব্যক্তিগত ক্যামেরা নিয়ে ঢোকাই যায় না। সেখানে বিয়ের পর ফটোশ্যুট করলেন দক্ষিণী অভিনেত্রী। তাঁকে জুতো পায়ে হাঁটতে দেখেই ছুটে যান মন্দিরের কর্মচারীরা। জুতো খুলে আসতে বলা হয় তাঁকে।

মন্দির কর্তৃপক্ষের তরফে নয়নতারাকে আইনি নোটিস পাঠানো হবে। অভিনেত্রী নিজে ক্ষমা চেয়ে একটি ভিডিওবার্তা সংবাদমাধ্যমে দিতে চেয়েছেন। তবে আইনি নোটিস তাতে এড়ানো যাবে না। ইতিমধ্যে ভিগনেশ শিবন অবশ্য বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন।