
শেষ আপডেট: 17 February 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের গুণী শিল্পীদের মধ্যে অন্যতম নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি ওঁর নতুন তেলেগু ছবি 'সাইন্ধব' মুক্তি পেয়েছে। ছবির প্রচারের সময় বিভিন্ন কথার মাঝে উঠে আসে তাঁর আফসোসের কথা।
'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর অভিনেতা বলেন তিনি তাঁর প্রথম তামিল সিনেমায় ততটা মন দিয়ে কাজ করেননি। এটা নিয়ে তাঁর আজও আফসোস হয়। তামিল ছবি 'পেট্টা'-তে রজনীকান্তের বিপরীতে কাজ করেন নওয়াজ। যেহেতু তিনি তামিল ভাষাটা বলতে পারেন না, তাই লিপ সিঙ্ক করেই গোটা শুটিং করতে হয়। তামিল ভাষা বলা তো দূর, তিনি বোঝেনও না। সেটা নিয়েই অপরাধবোধ কাজ করে অভিনেতার মধ্যে।

তিনি আরও জানান, 'আমার মনে হয় আমি রজনীকান্ত স্যরের সঙ্গে বেইমানি করেছি। ওঁদের গোটা টিমের কাছ থেকে অকারণে টাকা নিয়েছি। কাজটা শেষের পর নিজের মধ্যে খুব অপরাধবোধ কাজ করেছিল। কারণ শুটিং-এর সময় আমি নিজেই কিছু করিনি। সবটা আমাকে প্রম্পট করে দেওয়া হত। সেই শুনে আমি লিপ সিঙ্ক করে অভিনয় করতাম। কিন্তু কিছু না বুঝেই সেটা করেছিলাম।'
প্রথম তামিল সিনেমার অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, 'অভিনয় দেখার পর অনেকে আমার প্রশংসা করেন। কিন্তু সেগুলো শুনেও আমার মনে হচ্ছিল যেন নিজের কাছেই কিছু লুকোচ্ছি বা কোনও জালিয়াতি করছি। যে জিনিসের জন্য টাকা নিয়েছি, সেই কাজটা ভাল করে করিইনি। তাই এই বাহবা আমার প্রাপ্য নয়। তাই 'সাইন্ধব'-এ আমার সবটা দিয়েছি। ডাবিং থেকে শুরু করে সব নিজের চেষ্টায় একা একা করেছি। আশা করি এবার আমার মন থেকে অপরাধবোধ একটু হলেও কমবে।'

'সাইন্ধব'-এর মূল চরিত্রে আছেন দক্ষিণী ছবির তারকা ভেঙ্কটেশ দাগ্গুবতি। এটি একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম যা ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে।