
শেষ আপডেট: 3 February 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে বাংলার শিল্পীদের নিয়ে এক অভিনব অনুষ্ঠান। এতদিন যে শিল্পীরা জাতীয় পুরস্কার পেয়েছেন, তাঁদের কে নিয়ে এক মিলন সভা। নাম, 'বাংলার জাতীয় গৌরব'।
আগামী ২৬ ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার বুকে। এইদিন বাংলার যেসব গুণী ব্যক্তিরা জাতীয় পুরস্কার পেয়েছেন তাঁদের সম্মান জানানো হবে। উপস্থিত থাকবেন কৌশিক গাঙ্গুলি, রাম কমল মুখার্জি, চুর্ণি গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
এর আগে বাংলায় এমন কোনও অনুষ্ঠান হয়নি। আয়োজক সঙ্গীতা সিনহা এ ছাদের তলায় এতজন প্রতিভাবান ব্যক্তিদের আনতে পেরে আপ্লুত। বললেন, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"- কবিগুরুর লেখা এই গান প্রত্যেকটি বাঙালির নিজের মনের কথা। বাংলা আসলে আমাদের বড় অভিমানের জায়গা। কত প্রবাসী বাঙালি যারা বাইরের দেশে থাকেন, কিন্তু নিজেদের মধ্যে কোথাও ঠিক বাঁচিয়ে রেখেছেন একটা বাংলাকে। এমনই মায়া এই বাংলার মাটির। আর আমাদের এই প্রিয় বাংলাকে যারা শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মাঝে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাদের আমরা কুর্নিশ জানাই। সেইসব মানুষ যারা নিজেদের প্রতিভা এবং নিরলস পরিশ্রমের দ্বারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাকে নক্ষত্রের মতন উজ্জল করে তুলেছেন সারা পৃথিবীর আকাশে, তারা প্রত্যেকটি বাঙালির গর্ব। তারা আমাদের জাতীয় গর্ব। বাঙালি হিসাবে আমরা যেন তাদের এই অবদানের প্রাপ্য সম্মান তাদের দিতে পারি। প্রত্যেকটি বাঙালির মনে যেন তাদের নাম চিরস্মরণীয় হয়ে থাকে এই আমাদের উদ্দেশ্য।
পরিচালক রামকমল মুখার্জি ও রূপা গাঙ্গুলিও এই অনুষ্ঠানের সঙ্গে আছেন বলে জানিয়েছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী জানান, 'এরকম একটা উদ্যোগ সত্যিই আগে নেওয়া হয়নি। জাতীয় পুরস্কার পেয়ে রাজ্যের মাটিতে ফেরার পর সেই মানুষটাকে সম্মানিত করা উচিৎ। তাঁদের সবাইকে এক ছাদের তলায় আনাটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত।'
এরসঙ্গেই শোনা গেল অভিমানের সুরও। বললেন, 'আমি তো নিজেও ভুলে গেছিলাম যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তবে এত বছর আগের একটা ঘটনা যে তোমরা মনে রেখেছ, সেটা ভেবেই ভালো লাগছে।'