
শেষ আপডেট: 30 June 2023 07:59
দ্য ওয়াল ব্যুরো: হলিউডে যেন সুখবরের বন্যা। একের পর এক অভিনেতা থেকে সুপার মডেলের সন্তান লাভের খবরে প্রায়ই খুশির ঢেউ অনুরাগী মহলে। আল পাচিনো, ড্যানিয়েল র্যাডক্লিফের পর এবার সেই তালিকায় নাম লেখালেন সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। ৫৩ বছর বয়সে দ্বিতীয়বার মা হলেন নাওমি ক্যাম্পবেল।
সম্প্রতি এক পুত্রসন্তানের জন্ম দিলেন নাওমি। এর আগে ২০২১ সালে প্রথমবার মা হয়েছিলেন নাওমি। ৫০ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন সুপার মডেল। দ্বিতীয়বার মা হওয়ার খবর তিনি সকলকে জানান বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে।
দ্বিতীয়বার মা হওয়া ঈশ্বরের আশীর্বাদ বলে বর্ণনা করেন নাওমি। একরত্তিকে উদ্দেশ করে আবেগপ্রবণ নাওমি লেখেন, 'তুমি জানো না যে তুমি ঠিক কতটা ভালবাসা বয়ে এনেছ আমাদের জন্য। তোমাকেও আমরা একই রকম আদরে ও ভালবাসায় মুড়ে রাখব।' প্রসঙ্গত, ৫৩ বছর বয়সে মা হওয়া নিয়েও স্পষ্টবাদী বলে পরিচিত নাওমির মন্তব্য, 'মা হওয়ার কোনও বয়স হয় না।'
সন্তান আসার খবর দু'বারেই ইন্সটাগ্রামের মাধ্যমে তাঁর অনুরাগীদের জানালেও সন্তানদের নাম এখনও জানাননি সুপারমডেল। নবজাতকের নাম এখনও রাখা হয়নি বলেই মনে করছেন তাঁর অনুরাগীরা।
ইতিমধ্যেই ভক্ত এবং অনুরাগীদের কাছ থেকে পাওয়া অভিনন্দনের জোয়ারে ভেসেছেন সুপার মডেল। অভিনন্দন জানানোর ক্ষেত্রে পিছিয়ে নেই হলিউডের চেনা মুখরাও। মডেল অ্যাশলে গ্রাহাম থেকে গায়িকা কেলি রাওল্যান্ড সকলেই অভিনন্দন জানিয়েছেন দ্বিতীয় সন্তানের মা নাওমি ক্যাম্পবেল ও তাঁর একরত্তিকে।
বিল গেটসের অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে অশালীন প্রশ্নের মুখোমুখি মহিলা চাকরিপ্রার্থীরা