
বাঁ দিক থেকে নচিকেতা, কুণাল ও লগ্নজিতা
শেষ আপডেট: 31 December 2024 19:21
দ্য ওয়াল ব্যুরো: শাসকদলের 'গুড বুক'-এ জায়গা হয়নি তাঁর! আরজি কর কাণ্ডে সরকারের সরাসরি বিরোধিতা করে সমালোচনার মুখে পড়তে হয়েছিল গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে। নির্যাতিতা তাঁর গান ভালবাসতেন জেনে দু'চোখের পাতাও এক করতে পারেননি গায়িকা। এরই কি খেসারত দিতে হল তাঁকে? সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষের এক মন্তব্য ও তারপরেই লগ্নজিতার গানের অনুষ্ঠান বাতিল কি নিছকই কাকতালীয়? উঠছে প্রশ্ন।
গতকাল অর্থাৎ সোমবার সামাজিক মাধ্যমে কুণাল লেখেন, "...কিছু বাম, অতি বাম, অন্ধ তৃণমূলবিরোধী এই সময় মিথ্যা, কুৎসা, ফেক অডিও, রাজনৈতিক নাটকবাজি করে মানুষের আবেগকে বিভ্রান্ত করে, একাংশের মিডিয়ার সাহায্যে, নিজেদের ধান্দায়। জঘন্য ভাষা, রোজ নাটক, সরকারের ইস্তফার দাবি, বাংলাদেশের সরকারবদলের সঙ্গে তুলনা চলছিল।"
তিনি আরও যোগ করেন, "সমস্যা হল, এখন তাঁদের অনেকের মঞ্চে কিছু শিল্পী, এমনকি ডাক্তারকেও দেখা যাচ্ছে, যাঁরা ওই তিনমাস চূড়ান্তভাবে মুখ্যমন্ত্রী ও সরকারবিরোধিতা করেছেন। কেউ রাস্তায়, কেউ টিভিতে। যে ডাক্তাররা কর্মবিরতিতে সামিল, কোনো বিবৃতিও ছিল না পাল্টা, তাঁরা নিজেদের তৃণমূল দেখাতে মরিয়া। যে শিল্পী 'চটিচাটা' বলে সরকারপন্থীদের আক্রমণ করতেন, এখন শীতের জলসার পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবির সঙ্গে তাঁর ছবি। আমার বক্তব্য, এটা গণতান্ত্রিক রাজ্য। যে কেউ পারফর্ম করতে পারেন। কোনও বাধা নেই। কিন্তু তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে কেন এঁদের ডাকা হবে?"
এর কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য কলকাতার - কুল কোয়েস্ট কানির্ভালে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তা স্থগিত হয়ে যায়। বদলে পারফর্ম করতে দেখা যায় নচিকেতা চক্রবর্তীকে। কার্নিভালের হোর্ডিং থেকে শুরু করে ফেসবুক পেজ, সর্বত্র লগ্নজিতার নাম থাকলেও হঠাৎ কেন এই পরিবর্তন? ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত তথা এই কার্নিভ্যালের আয়োজক কি তবে কুণালের বক্তব্যকেই প্রাধান্য দিলেন? সরকারের চোখে তবে কি 'ব্যাড গার্ল'-এর তকমা পেয়েই গেলেন লগ্নজিতা?
এ নিয়ে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই 'দ্য ওয়াল'-যোগাযোগ করে লগ্নজিতার সঙ্গে। খানিক সংযমী হয়েই তিনি বললেন, "এই ব্যাপারটা নিয়ে আমি কিছুই বলতে চাইছি না। এটা নিয়ে কোনও আলোচনা হোক তা আমি চাই না।"
তাঁর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, অনুষ্ঠান কেন বাতিল হল এ বিষয়ে তাঁকে কি কোনও কারণ দেখিয়েছেন আয়োজকরা? গায়িকা বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীর সঙ্গে আয়োজকদের সরাসরি কথা হয় না। ম্যানেজাররাই এই সব বিষয় ডিল করে থাকেন। এ ক্ষেত্রে ও তাই হয়েছে। আমার সঙ্গে এ নিয়ে আয়োজকদের কোনও কথা হয়নি।" লগ্নজিতা মুখ না খুললেও আলোচনা কিন্তু চলছেই। উঠছে নানা প্রশ্নও।