
শেষ আপডেট: 1 March 2023 07:23
দ্য ওয়াল ব্যুরো: তেলেগু ছবি 'আরআরআর'-এর মুকুটে জুড়ল আরও একটি পালক। ইতিপূর্বেই ছবির গান 'নাটু নাটু' (Naatu Naatu)-র জন্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছেন সঙ্গীত পরিচালক এমএম কিরাভানি। এরপর অস্কারেও মনোনীত হয় গানটি। আর এবার জানা গেল, আগামী ১২ মার্চ (ভারতীয় সময় অনুসারে ১৩ মার্চ) অনুষ্ঠিত হতে চলা ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Oscars 2023) মঞ্চে পরিবেশিত হবে 'নাটু নাটু'।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি টুইটে সেই বার্তাই দিয়েছেন অ্যাকাডেমি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে যে, অস্কারে মনোনীত হওয়া 'নাটু নাটু' গানটি সেদিন অনুষ্ঠান মঞ্চে সকলের সামনে পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব। তবে অভিনেতা রাম চরণ বা জুনিয়র এনটিআর সেই মঞ্চে থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায় নি।
উল্লেখ্য, ‘আরআরআর' ছবির এই গানের তালে শুধু ভারতীয়রাই নয়, নেচে চলেছে গোটা বিশ্ব। গত জানুয়ারি মাসেই সেরা গানের জন্য হলিউডি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে গোল্ডেন গ্লোব জিতেছিল 'নাটু নাটু' গানটি। আগামী ১৩ই মার্চ ভোরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের বর্ণাঢ্য আসর। সেখানে শেষ হাসি হাসতে ‘নাটু নাটু’কে হারাতে হবে এই চার জনপ্রিয় গানকে। এখন দেখার অস্কারের মঞ্চেও গানটি বাজিমাত করতে পারে কিনা।
গোল্ডেন গ্লোবের পর এলএ ক্রিটিক অ্যাওয়ার্ডে সেরার তকমা! ফের বাজিমাত 'নাটু নাটু'র