কে বলে দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব কখনও টেকে না? কে বলে নায়িকাদের বন্ধুত্ব মানেই অবিশ্বাস, প্রতিযোগিতা আর ‘ক্যাট ফাইট’?

শেষ আপডেট: 21 August 2025 15:58
দ্য ওয়াল ব্যুরো: কে বলে দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব কখনও টেকে না? কে বলে নায়িকাদের বন্ধুত্ব মানেই অবিশ্বাস, প্রতিযোগিতা আর ‘ক্যাট ফাইট’? এই সব গৎবাঁধা ধারণাকে এক নিমেষে উড়িয়ে দিয়ে একে অপরকে প্রশংসায় ভরালেন দুই বাংলার দুই তারকা—শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর মৌনী রায়।
#rel
দিন কয়েক আগেই বৃষ্টিতে ভেজা মুম্বইয়ের রাস্তায় দেখা মিলেছিল শুভশ্রীর। কাজের ব্যস্ততার ফাঁকেই বন্ধু মৌনীর সঙ্গে আড্ডা জমালেন তিনি। আর সেই সাক্ষাতের পরেই নিজের হৃদয়ের আবেগ লুকোতে পারলেন না মৌনী। লিখলেন—‘আমার সুন্দরী বন্ধু শহরে এসেছে। ছ’মাস ধরে বাংলার প্রেক্ষাগৃহে ও রাজত্ব করছে। আমি ভীষণ গর্বিত ওর জন্য। আমাদের লেডি সুপারস্টার শুভশ্রী।’
এই ‘লেডি সুপারস্টার’ উপাধি যে শুধু অনুরাগীদের কাছেই নয়, এবার এক বলিউড তারকার মুখেও ধ্বনিত হল, তা নিঃসন্দেহে শুভশ্রীর কাছে প্রাপ্তির চেয়ে কম নয়। কারণ গত কয়েক বছরে তিনি একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন—নায়িকা মানেই শুধু রোম্যান্সের ঝলক নয়, চরিত্রের ভেতরে ডুব দিয়ে অভিনয় করাটাই আসল শিল্প। ‘গৃহপ্রবেশ’এর অনন্য রূপ থেকে শুরু করে ‘ধূমকেতু’তে তাঁর উপস্থিতি—প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙেচুরে নতুনভাবে হাজির করেছেন তিনি। কখনও ডিগ্ল্যাম চরিত্র, কখনও বা বৃদ্ধার রূপে (ইন্দুবালার ভাতের হোটেল)—দর্শক প্রত্যেকবারই মুগ্ধ হয়েছেন তাঁর অভিনয়ে।
মৌনী-শুভশ্রীর বন্ধুত্ব শুরু হয়েছিল এক রিয়্যালিটি শো-এর মঞ্চে। সেখান থেকেই আসা-যাওয়ার বন্ধন গড়ে উঠেছে দুই তারকার মধ্যে। একে অপরের সাফল্যে গর্বিত হওয়ার, পাশে থাকার এই মনখোলা সম্পর্কই প্রমাণ করে দেয়—বন্ধুত্বের ভাষা আসলে আলাদা হয় না।
আজ বাংলার দর্শকরা তাঁকে ডাকেন তাঁদের প্রিয় ‘লেডি সুপারস্টার’। আর সেই একই আখ্যা দিয়ে গর্বে ভরিয়ে দিলেন মৌনী রায়ও। বন্ধুত্ব, সাফল্য আর অভিনয়ের ম্যাজিক মিলেমিশে যেন তৈরি করেছে এক অনন্য ছবি। হয়তো এটাই শুভশ্রীর আসল অর্জন—শুধু চরিত্রের মধ্যে নয়, জীবনের মঞ্চেও তিনি হয়ে উঠেছেন সকলের আপন, সকলের গর্ব। শেষমেশ এটাই মনে হয়—আলোয় মোড়া গ্ল্যামার দুনিয়ায়ও কিছু সম্পর্ক একেবারে নির্মল থাকে। যেমন শুভশ্রী আর মৌনীর এই বন্ধুত্ব। আর এই বন্ধুত্বের মতোই শুভশ্রীর পথচলাও—ঝলমলে, শক্তিশালী, অনুপ্রেরণামূলক।