স্বামী কুণাল বর্মাকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও করেছিলেন পূজা। সেখানে তিনি দাবি করেছিলেন, খুব কাছের এক বন্ধুকে বিশ্বাস করে সম্প্রতি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন তাঁরা।

গ্রেফতার প্রযোজক শ্যামসুন্দর
শেষ আপডেট: 20 September 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) ও তাঁর স্বামী কুণাল বর্মার বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছিলেন টলিউডের জনপ্রিয় প্রযোজক শ্যামসুন্দর দে। পাল্টা তারকা জুটি প্রযোজকের বিরুদ্ধে আর্থিক তছরুপের (Money Fraud Scam) অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন। সেই ঘটনাতেই শ্যামসুন্দরকে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)।
কিছু সময় আগে স্বামী কুণাল বর্মাকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও করেছিলেন পূজা। সেখানে তিনি দাবি করেছিলেন, খুব কাছের এক বন্ধুকে বিশ্বাস করে সম্প্রতি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন তাঁরা। ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। ভিডিওতে কাঁদতেও দেখা গিয়েছিল তাঁকে।
সূত্রে খবর, এই মামলায় শনিবার শ্যামসুন্দর দে-কে (Shyamsundar Dey) কলকাতা থেকেই গ্রেফতার করে মুম্বই পুলিশের একটি দল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অভিনেত্রীর অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
অন্যদিকে, শ্যামসুন্দর দে পূজা ও কুণালের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনেছিলেন।
কী অভিযোগ?
শ্যামসুন্দর দে'র পরিবারের তরফে অভিযোগ, একটি ব্যবসায়িক সফরে গোয়ায় থাকাকালীন শ্যাম সুন্দরকে তাঁর গাড়ি থেকে জোর করে নামিয়ে অপহরণ করা হয়। অভিযোগ, এই ঘটনায় নেতৃত্ব দেন পূজা নিজে। তাঁদের আরও দাবি, প্রযোজককে একটি অজানা জায়গায় নিয়ে গিয়ে ভয় দেখানো হয়, মারধর করা হয় এবং বলা হয় যদি তিনি ৬৪ লক্ষ না দেন, তবে মাদক মামলায় তাঁকে ফাঁসানো হবে।
এখানেই না থেমে পরিবারের তরফে আরও দাবি করা হয়, শ্যামবাবুর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোর করে তাঁর ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড জানা হয়। তাঁকে জোর করে ভিডিওতে স্বীকার করানো হয় যে তিনি নিজের ইচ্ছায় একটি গোয়া রিসর্টে রয়েছেন। কিছু কাগজে তাঁর জোর করে স্বাক্ষরও নেওয়া হয়, যা ভবিষ্যতে তাঁর বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা জানিয়েছিল প্রযোজকের পরিবার।