চার দশকের যাত্রা শেষ, বন্ধ হচ্ছে MTV-র সব চ্যানেল। নস্ট্যালজিক নয়ের দশকের ছেলেপুলেরা।

ছবি - দ্য ওয়াল
শেষ আপডেট: 14 October 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: চার দশকের দীর্ঘ যাত্রা শেষে বন্ধ হচ্ছে MTV-র জনপ্রিয় মিউজিক চ্যানেলগুলি। প্যারামাউন্ট গ্লোবাল সোমবার ঘোষণা করেছে, আগামী ৩১ ডিসেম্বর থেকে MTV Hits, MTV 80s, MTV 90s-সহ একাধিক মিউজিক চ্যানেল বন্ধ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চ্যানেলের নেটওয়ার্ক পুনর্গঠন ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্ব বাড়ানোর অংশ হিসেবে।
সম্প্রতি দর্শকরা ক্রমে টেলিভিশনের পরিবর্তে ইউটিউব, Spotify, Apple Music-এর মতো স্ট্রিমিংয়ে ঝুঁকেছে। তাই MTV-র দর্শকসংখ্যা কমতে শুরু করে। ভিউ কমা মানেই আয় কম, চ্যানেলগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় প্যারামাউন্ট। বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত নতুন প্রজন্মের দর্শকদের ডিজিটাল অভ্যাসের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়াস।
এমটিভি একটা সময় সকলের কাছে গান শোনার সেরা প্ল্যাটফর্ম ছিল। সেই সব এমটিভি প্রেমিকরা এই খবর শোনার পরই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। অনেকেই বলছেন, MTV শুধু একটি চ্যানেল ছিল না, এটি তাদের জন্য নতুন ধরনের গান আবিস্কারের পথ ছিল। এমটিভি আজ বহু মানুষেরক কাছে নস্ট্যালজিয়া।
১৯৮১ সালে 'আই ওয়ান্ট মাই এমটিভি' স্লোগান নিয়ে যাত্রা শুরু করে MTV। তারপর থেকে এই চ্যানেল নিয়ে উন্মাদনার শেষ ছিল না তরুণ প্রজন্মের। গান শোনার সঙ্গে ভিডিও দেখা, তালে তাল মেলানো আরও কত কী। ফলে এই চ্যানেলগুলো বন্ধ হওয়ায় অনেকেরই আজ মন খারাপ।