
শেষ আপডেট: 3 November 2023 20:02
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে বলিউডে আলোচিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ম্রুনাল ঠাকুর। চলতি বছরে 'কান' চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে হাঁটা থেকে শুরু করে 'লাস্ট স্টোরিজ ২'-এ অভিনয় সব মিলিয়ে বছরটা মোটের উপর মন্দ কাটেনি ম্রুনালের। অবিবাহিত তারকাদের প্রায়ই একটি পরিচিত প্রশ্নের সম্মুখীন হতে হয়, 'কবে বিয়ে করছেন?'
সেই একই প্রশ্নের মুখোমুখি সম্প্রতি হতে হয়েছিল ম্রুনালকেও। এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় কিছু দিন আগে জল্পনা ছড়িয়ে পড়ে সম্ভবত খুব শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ম্রুনাল। এমনকী এ-ও শোনা যায় যে সম্ভবত, হায়দরাবাদ নিবাসী কোনও তেলুগু পাত্রের গলাতেই মালা দিতে চলেছেন ম্রুনাল।
তবে এ সমস্তটাই যে গুজব, আদৌ এই রটনার সত্যতা নেই তা শুক্রবার ইনস্টাগ্রামে লাইভে এসে স্পষ্ট করলেন ম্রুনাল। এদিন ইনস্টাগ্রামে একটি লাইভ করে অভিনেত্রী বলেন, 'আমার সমস্ত অনুরাগীদের অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই মুহূর্তে আমি বিয়ে করছি না।' পাশাপাশি মজার ছলে ম্রুনালের প্রশ্ন, 'যারা আমাকে বিগত কিছু ঘণ্টা ধরে সমানে জিজ্ঞেস করছেন আমার পাত্র কে তাঁদের কাছেই আমার অনুরোধ, দয়া করে সেই তেলুগু পাত্রের নাম জানলে আমাকেও জানান।'
প্রসঙ্গত, সম্প্রতি 'সীতারামম' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান ম্রুনাল। সেখানেই দক্ষিণী অভিনেতা আল্লু অরবিন্দ ম্রুনালকে আশীর্বাদ করে বলেন, 'আমি চাই ম্রুনাল বিয়ে করে হায়দরাবাদেই থেকে যান'। অভিনেতার এই বক্তব্যের পরই গুজব ছড়ায় যে ম্রুনাল খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তবে এই গুজবের যে আদৌ কোনও ভিত্তি নেই তা স্পষ্ট করে দিলেন ম্রুনাল।