
শেষ আপডেট: 23 February 2023 08:27
দ্য ওয়াল ব্যুরো: মুক্তি পেল রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) নতুন হিন্দি ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' (Mrs Chatterjee Vs Norway)-র ট্রেলার। এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন টলিউড হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ছবিতে এক প্রবাসী বাঙালি বাবা-মা ও তাঁদের দুই সন্তানের গল্পই ফুটিয়ে তুলেছেন পরিচালক। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হওয়া এই সিনেমা আগামী ১৭ মার্চ মুক্তি পাবে বড়পর্দায়।
ছবির ট্রেলারে গল্পের কিছু অংশ তুলে ধরা হয়েছে। যেখানে বোঝা যাচ্ছে যে, স্বামীর চাকরিসূত্রে কলকাতা ছেড়ে গোটা পরিবার থাকে নরওয়েতে। সেখানেই এক মা নিজের সন্তানদের ফিরে পাওয়ার জন্য একটা দেশের বিরুদ্ধে লড়াই চালান। এই গোটা জার্নিটাই তুলে ধরা হয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে ট্রেলারটি।
ছবিটির পরিচালক অসীমা ছিব্বর। একেবারে সত্য ঘটনা অবলম্বনেই নির্মিত হয়েছে ছবিটি। ২০১১ সালে নরওয়েতে এক বাঙালি দম্পতির সন্তানকে তাঁদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করেই তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।
দেখুন ভিডিও:
পরিচালক ওই বাঙালি দম্পতির চরিত্রে সর্বভারতীয় স্তরে পরিচিত বাঙালি অভিনেতা-অভিনেত্রীকেই নিতে চেয়েছিলেন। রানি মুখোপাধ্যায় এই ছবির মাধ্যমেই বহুদিন পর আবার শ্যুটিং ফ্লোরে ফিরেছেন। আর তাঁর স্বামীর ভূমিকায় প্রথমে যিশু সেনগুপ্তের নাম শোনা গেলেও পরে অনির্বাণ ভট্টাচার্যকেই বেছে নেন নির্মাতারা। এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে অনির্বাণের।
১০০০ কোটির গণ্ডি পেরোল ‘পাঠান’, শাহরুখ প্রমাণ করলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’