
শেষ আপডেট: 24 February 2023 03:35
দ্য ওয়াল ব্যুরো: রানি মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’র (Mrs Chatterjee vs Norway) ট্রেলার মুক্তি পেয়েছে গতকালই। ট্রেলার দেখে চমকে উঠেছেন সকলে, অনেকেই লিখেছেন, এ ছবি দেখতেই হবে। ট্রেলারে যতটুকু বোঝা যাচ্ছে, দুই সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে পরিবারের কাছ থেকে, তাদের ফিরে পেতে মরিয়া লড়াইয়ে সামিল মা রানি এবং বাবা অনির্বাণ ভট্টাচার্য।
তবে এ তো কেবল পর্দায়। বাস্তবে আসল লড়াইটি লড়েছিলেন সাগরিকা ও অনুপ ভট্টাচার্য। তাঁদেরই সত্যিকারের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ট্রেলারে যে মর্মস্পর্শী দৃশ্যগুলি দেখা গিয়েছে, তা থানায় চিৎকার করে কাঁদতে থাকা রানির আর্তি বা ঘরে তাঁর উপচে পড়া বুকের দুধ পাম্প করে রাখা-- সে সমস্ত অধ্যায়ই একেবারে রিয়েল লাইফে পার করেছেন সাগরিকা।
সেই ১২ বছর আগের কথা, ২০১১ সাল। নরওয়েতে গিয়ে থাকতে শুরু করেছিলেন বাঙালি বধূ সাগরিকা ভট্টাচার্য। স্বামী ও দুই ছেলে-মেয়ের সঙ্গে সাজানো সংসার। কিন্তু আচমকাই একদিন নরওয়ের শিশুসুরক্ষা কমিশনের তরফে লোকজন এসে, আক্ষরিক অর্থেই ছিনিয়ে নিয়ে চলে যায় তাঁর দুই সন্তানকে! ছেলে অভিজ্ঞানের বয়স তখন ৩, ছোট্ট মেয়ে ঐশ্বর্যার এক বছরও হয়নি, মায়ের দুধ খায় সে।
ছবির ট্রেলারে দেখানো হয়েছে, নরওয়ের কমিশন অভিযোগ করছে, বাচ্চাকে হাত দিয়ে খাওয়ান রানি। যা নাকি তাকে জোর করে খাওয়ানো, একজন সুস্থ বাবা-মা নাকি এমনটা করতেই পারেন না। তার ওপর তিন বছরের ছেলে বাবার সঙ্গে ঘুমোয়, আলাদা ঘরে আলাদা বিছানায় নয়। এর অর্থ নাকি বাচ্চাদের জন্য ঘরে জায়গাই নেই।
অনুপ-সাগরিকাকেও ঠিক এমনটাই শুনতে হয়েছিল। এই যুক্তি দিয়েই তাঁদের থেকে তাঁদের দুই সন্তানকে কেড়ে নিয়ে রাখা হয়েছিল সরকারি হেফাজতে! এর পরে সেই নরওয়ের মাটিতে আশ্চর্য এক অসম লড়াই শুরু করেন সাগরিকা। বাচ্চাদের ফেরত পেতে জান লড়িয়ে দিয়েছিলেন। শেষে এই ঘটনায় হস্তক্ষেপ করে ভারত সরকারও। তার পরেও নরওয়ে সরকারের সঙ্গে লড়াইয়ে পেরে ওঠা যায়নি।
ঠিক এই সত্যিকারের কাহিনি মোতাবেকই এগোতে থাকে সিনেমার গল্পও। একদিকে সন্তান হারানোর যন্ত্রণা, অন্যদিকে পারিবারিক অশান্তি, শেষমেশ অনুপ-সাগরিকাও আলাদা হয়ে যান। শেষে দু'বছরের একটানা লড়াইয়ের পরে আদালতের কাছে জয়ী হন সাগরিকা। সন্তানদের ফিরে পান তিনি। পর্দার রানিও তাই পেয়েছেন।
দেখুন ছবির ট্রেলার।
রূপাঞ্জনার 'সত্যি ভালবাসা কখনও শেষ হয় না', আংটি বদল করে একসঙ্গে থাকা শুরুর ঘোষণা অভিনেত্রীর