2.png)
মৌনি রায়
শেষ আপডেট: 30 April 2025 15:56
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী মৌনি রায় সম্প্রতি তার নতুন সিনেমা 'দ্য ভূতনি'র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে নতুন হেয়ারস্টাইলে হাজির হন। সামনের ঝাঁকড়া চুলে তাকে দেখে অনেকে কটাক্ষ করতে শুরু করেন। অভিযোগ ওঠে, তিনি নাকি ব্যর্থ প্লাস্টিক সার্জারির দাগ লুকোতেই নতুন এই লুক নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ভিডিও, যেখানে মৌনির মুখ বিকৃত অবস্থায় দেখা যাচ্ছে।
এই বিতর্কে এবার মুখ খুললেন মৌনি নিজেই। জুম-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুরুতে যখন এসব মন্তব্য পড়তাম... আজও মাঝে মাঝে ওইসব AI ভিডিও দেখি, নিজেকে অন্য কারও শরীরে বসানো অবস্থায়—দেখলেই গা গুলিয়ে ওঠে। নিজের মুখ এমন বিকৃতভাবে দেখলে ভাবতেই খারাপ লাগে। তখন মনে হয়, এসব লোকজন কেমন, তারা আদৌ কী পেতে চায়? এত নেতিবাচকতা ছড়িয়ে তারা কেবল গালিই শুনছে।”
ট্রোলদের উদ্দেশে তার পরামর্শ—তাদের জন্য প্রার্থনা করা উচিত। মৌনি বলেন, “যখন ইনস্টাগ্রামে প্রথম এসেছিলাম, অনেক আজেবাজে মন্তব্য পেতাম। তখন সময় নিয়ে তাদের প্রোফাইলে গিয়ে ব্লক করতাম। এখন করুণা হয়। এরা কেউই আসল নয়। স্ক্রিনের আড়ালে লুকিয়ে থাকা কিছু মুখ। তারা শুধু লাইক পাওয়ার জন্য অন্যদের অপমান করে। কিন্তু আমি আমার ভক্তদের ভালবাসাকে অস্বীকার করতে পারি না। সোশ্যাল মিডিয়ার একটা অংশ খুবই নোংরা হয়ে উঠেছে—যেখানে মানুষ কেবল কুরুচিকর কথা বলেই জনপ্রিয়তা খোঁজে।”
এদিকে মৌনি রায়কে আগামী দিনে দেখা যাবে দ্য ভূতনি সিনেমায়, যেখানে তার বিপরীতে থাকছেন সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত সাচদেব। প্রযোজক দীপক মুখুট ও সঞ্জয় দত্ত। আরও অভিনয় করছেন সানি সিং, পলক তিওয়ারি ও নবনীত মালিক। আগামী ১ মে ছবিটি মুক্তি পাচ্ছে, অজয় দেবগনের রেইড ২–এর সঙ্গে টক্কর দিতে।