
হলিউড সিনেমা
শেষ আপডেট: 19 February 2025 19:17
দ্য ওয়াল ব্যুরো: ছুটির দিনে, কিংবা অফিস থেকে ফিরে প্রয়জনের সঙ্গে সিনেমা দেখে সময় কাটাতে চান? তাহলে তালিকায় রাখতেই পারেন এই রোমান্টিক হলিউড সিনেমাগুলি। রোমান্টিক ছবির প্রসঙ্গে প্রথমেই যে নামটি মনে আসে, তা হলো ‘কাসাব্লাঙ্কা’। ১৯৪২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেছিলেন মাইকেল কার্টিজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রে প্রেম, ত্যাগ এবং দেশপ্রেমের গল্প হৃদয় ছুঁয়ে যায়।
‘লা লা ল্যান্ড’
২০১৬ সালে মুক্তি পাওয়া ‘লা লা ল্যান্ড’ একটি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা, যা মুক্তির পর থেকেই দর্শকদের মন জয় করেছে। ছয়টি অস্কার জয়ী এই চলচ্চিত্রে স্বপ্নবাজ দুই তরুণ-তরুণীর গল্প বলা হয়েছে। মিয়া হতে চায় অভিনেত্রী, আর সেবাস্টিয়ান হতে চায় জ্যাজ পিয়ানোবাদক। লস অ্যাঞ্জেলেস শহরের কোণায় দেখা হয় তাদের, প্রেম হয়। কিন্তু স্বপ্নপূরণের পথে সম্পর্ক কি টিকে থাকে? জানার জন্য দেখতেই পারেন এই সুন্দর মিউজিক্যাল ড্রামাটি।
‘দ্য নোটবুক'
পুরনো দিনের উদ্দাম ভালবাসার গল্প যারা পছন্দ করেন, তাঁদের জন্য ‘দ্য নোটবুক’ একদম উপযুক্ত। নিকোলাস স্পার্কের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যায় এলি ও নোয়াহর অমর প্রেমের কাহিনি। তরুণ বয়সের প্রেম থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত, নোয়াহর ভালোবাসায় কখনোই কমতি আসেনি। কিন্তু এলি কি মনে রেখেছে তাঁর সেই প্রথম প্রেমকে? জানতে হলে দেখতে হবে ২০০৪ সালের এই হৃদয়স্পর্শী রোমান্টিক ড্রামা।
‘পিএস আই লাভ ইউ’
মৃত্যুর পরও কি ভালবাসা টিকে থাকে? ‘পিএস আই লাভ ইউ’ ছবিটিতে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। স্বামীর মৃত্যুর পর তার লেখা চিঠির সাহায্যে নতুন করে জীবনের মানে খুঁজে পায় হলি। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি হৃদয় ছুঁয়ে যায় তার অদ্ভুত সুন্দর গল্পের জন্য।
‘সিটি লাইটস’
সবশেষে বলতে হয় চার্লি চ্যাপলিনের কালজয়ী ছবি ‘সিটি লাইটস’-এর কথা। হতদরিদ্র ভবঘুরে ভালোবেসে ফেলে এক অন্ধ ফুলবিক্রেতা মেয়েকে। তার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে সে। হাসি, কান্না, প্রেম আর ত্যাগের গল্পে মোড়া এই ছবিটি চিরকালীন ভালবাসার উদাহরণ।
‘রোমান হলিডে’
১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোমান হলিডে’ হলিউডের অন্যতম সেরা রোমান্টিক ক্লাসিক। রাজকুমারী অ্যান একঘেয়ে রাজকীয় জীবন থেকে মুক্তি পেতে পালিয়ে যায় রোমের রাস্তায়। সেখানে তার সঙ্গে দেখা হয় সাংবাদিক জো-র, যে অ্যানের পরিচয় জানে না। দুজনের মধ্যে জন্ম নেয় এক মধুর প্রেম। কিন্তু রাজকুমারী আর সাধারণ মানুষ কি একসঙ্গে থাকতে পারে? এই ছবিগুলি শুধু প্রেমের গল্পই নয়, জীবনের নানা রঙ ও সম্পর্কের গভীরতাকেও সুন্দরভাবে তুলে ধরেছে। আজও এই ছবিগুলি বিশ্বব্যাপী রোমান্সপ্রেমীদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।