
মোনালি ঠাকুর
শেষ আপডেট: 23 December 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: রেগে মাঝপথে শো ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি ঠাকুর। সম্প্রতি বারাণসীতে শো করতে গিয়েছিলেন বাঙালি গায়িকা। তার পরই শোয়ের ৪৫ মিনিটের মাথায় স্টেজ ছাড়েন তিনি। ভক্তদের কাছে এর জন্য ক্ষমা চেয়ে নিলেও অনুষ্ঠানের উদ্যোক্তাদের ছেড়ে কথা বললেন না। ঘটনাটা কী?
ভিডিও পোস্ট করে মোনালি জানান, কনসার্টের চরম বিশৃঙ্খলা দেখে তিনি যারপরনাই 'হতাশ'। এক রাশ ক্ষোভ উগরে দিয়ে গায়িকা তাদের 'অকেজো, অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন' বলেও তুলোধনা করেন। বলেন, অনুষ্ঠানের অব্যবস্থার জন্যই মাঝপথে শো ছাড়েন তিনি।
View this post on Instagram
গায়িকার কথায়, 'আমি আর আমার টিম এখানে পারফর্ম করব ভেবেই বেশ উত্তেজিত ছিলাম। কিন্তু পরিস্থিতি এমনই হয় যায় হতাশা ছাড়া আর কিছুই পেলাম না। অনুষ্ঠানের পরিকাঠামো, ব্যবস্থাপনা নিয়ে সত্যিই কিচ্ছু বলার নেই। মঞ্চে যে সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যাবতীয় টাকা চুরি হয়ে যেতে পারত। আমি যতদূর দেখে যা বুঝলাম, টাকা হাতানোই ওদের মূল উদ্দেশ্য ছিল।'
মোনালির অভিযোগ, 'আমি অনেকবার বলেছিলাম গোড়ালিতে আঘাত লাগতে পারে। কিন্তু কোনও কথা শোনা হয়নি। মঞ্চের নৃত্যশিল্পীরা তো প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। ওরাই আমায় শান্ত থাকতে বলে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যায়।' মাঝপথে শো না করে বেরিয়ে আসার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন তিনি।
মোনালি ভক্তদের জানান, 'আপনারা আমার জন্য টিকিট কেটে এসেছিলেন। আপনাদের কাছে আমি জবাবদিহি করতে বাধ্য। আমি অত্যন্ত দুঃখিত যে এই শো আমাকে বন্ধ করতে হচ্ছে। তবে আবার আমি আসব। নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গে। আশা করি, আজকের থেকে আরও অনেক ভাল অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারব।'