
প্রয়াত মোনালি ঠাকুরের মা
শেষ আপডেট: 17 May 2024 20:11
দ্য ওয়াল ব্যুরো: বেশ কিছু দিন ধরেই মৃত্যুর সঙ্গে চলছিল লড়াই। চিকিৎসকেরা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। তবুও মিরাকেলের অপেক্ষায় ছিল পরিবার। কিন্তু শেষ রক্ষা হল না। ১৮ দিনের লড়াই শেষে মাকে হারালেন মোনালি ঠাকুর।
গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে দুই বোন। করোনাকালে ২০২০ সালের অক্টোবরে প্রয়াত হন বাবা শক্তি ঠাকুর। তিন বছর আট মাসের ব্যাবধানে প্রয়াত হলেন মোনালি-মেহুলির মা মিনতি ঠাকুর।
গায়িকার মা কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। ডায়ালেসিস চলছিল তাঁর। গত এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেই সময় থেকে আর কাজ করছিল না তাঁর দুটো কিডনি। এমনকী অক্সিজেনের লেভেলও ওঠানামা করছিল। শুক্রবার চিরঘুমের দেশে চলে গেলেন শিল্পীর মা।
বৃহস্পতিবার গানের অনুষ্ঠান করতে বাংলাদেশে হাজির হয়েছিলেন মোনালি। মা-কে হারানোর যন্ত্রণা বুকে চেপে মঞ্চে পারফর্ম করেন তিনি। মাকে উৎসর্গ করেন একটি গান। গায়িকার পেশাদারিত্বকে কুর্নিশ জানিয়েছে ওপার বাংলার শ্রোতা-দর্শকেরা।
বুধবার রাতে মায়ের মৃত্যু নিশ্চিত জেনে বুক ফাটা যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা। মোনালি লিখেছিলেন, ‘এই পরিস্থিতি কীভাবে সামলাব মা? কীভাবে এই শূন্যতা, এই যন্ত্রণা দূর হবে? কিন্তু আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার…'।
গায়িকার বোন মেহুলও আবেগঘন পোস্ট করেন। তিনি লেখেন ‘শেকল ছিঁড়ে গেছে... অবশেষে কষ্টের অবসান...। দুপুর ২টো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে।’ শুক্রবার বিকালে মায়ের মৃত্যুসংবাদ সামনে আনলেন মোনালির দিদি।