দ্য ওয়াল ব্যুরো: অনেকদিন ধরেই সবার আড়ালে তিনি| বড় পর্দা তো বটেই, এমনকি ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শোতেও দেখা যাচ্ছিলো না তাঁকে| অবশেষে জানা গেলো অসুস্থ তিনি| পিঠের যন্ত্রণায় রীতিমতো কাবু মিঠুন চক্রবর্তী| সূত্রের খবর, দিল্লিতে চিকিৎসা চলছে তাঁর|
রাজনীতির ময়দান থেকেও সরিয়ে নিয়েছিলেন নিজেকে। একান্তে সময় কাটাচ্ছিলেন। বড়পর্দা থেকে ছুটি নিয়েছিলেন বেশ কিছুদিন। কিন্তু ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা গিয়েছে মিঠুনকে। মূলত, ডান্স রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স-এর বিচারক ছিলেন তিনি। কিন্তু শরীরের কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান অভিনেতা।
পিঠের যন্ত্রণার জন্যে এক সময় উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনও লাভ হয়নি। শেষবার তাঁকে আয়ুষ্মান খুরানা, পল্লবী শারদা অভিনীত ‘হাওয়াইজাদে’ ছবিতে দেখা গিয়েছিল। সূত্রের খবর, আপতত চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়াই দিচ্ছেন। খুব শীঘ্রই হয়তো ফের তাঁকে জীবনের মূল ট্র্যাকে ফিরে আসতে দেখবেন তাঁর ভক্তরা।