
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন মিঠুন
শেষ আপডেট: 8 October 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন, মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হবে। আজ অর্থাৎ ৮ অক্টোবর ছিল সেই দিন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন ‘মহাগুরু’।
মঙ্গলবিকেলে দিল্লিতে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চেই দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণ করলেন মিঠুন। ধরে রাখতে পারলেন না চোখের জল। বললেন, ‘আগেও এই মঞ্চে আমি তিনবার এসেছি। প্রথম জাতীয় পুরস্কার যখন পেলাম, মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম বিশাল কিছু করে ফেলেছি। নিজেকে অ্যালপাচিনো ভাবছিলাম।’
এখানেই থেমে থাকেননি মিঠুন। আবেগাপ্লুত কণ্ঠে বললেন, ‘লোকে আমায় বলত ফিল্ম ইন্ডাস্ট্রিতে কালো রং চলে না। এখানে কী করছ? ফিরে যাও। যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম আমায় কালিয়া বলে ডাকত। ভাবতাম কী করব? গায়ের রং তো আর পাল্টাতে পারব না। নিজেকে বুঝিয়েছি, নাচতে জানি। পা দিয়ে এমন নাচ দেখাব লোকে আমার গায়ের রং না দেখে পায়ের দিকে তাকিয়ে থাকবে। পা থামতে দেয়নি। গায়ের রং বেমালুম ভুলে গেল মানুষ। আমি হয়ে গেলাম তাদের কাছে সেক্সি, ডাস্কি বাঙালিবাবু।’
#WATCH | Veteran actor Mithun Chakraborty receives the Dadasaheb Phalke Award at a ceremony in Delhi
— ANI (@ANI) October 8, 2024
(Video source: DD News/YouTube) pic.twitter.com/jWVRUIILyr
একসময় তাঁর এই নাচকেই প্রত্যাখ্যান করেছিল বলিউড। আজ সেই ডিস্কো ডান্সারের তালেই পা মেলায় গোটা বিশ্ব। কান্না ভেজা চোখে মিঠুন বললেন, ‘অনেক কষ্ট করেছি। তাই হয়তো ভগবান সুদ সমেত সবটা ফিরিয়ে দিলেন।’ আগামী প্রজন্মের উদ্দেশে মহাগুরুর বার্তা, টাকা পয়সা না থাকলেও সাহস হারাতে দেওয়া যাবে না। নিজে ঘুমালেও যেন স্বপ্ন জেগে থাকে। বললেন, ‘আমি যদি মিঠুন চক্রবর্তী হতে তোমারও পারবে।’
বাঙালি তথা দেশ জানে, মিঠুন চক্রবর্তী একজনই। কলকাতার তস্য গলি থেকে উঠে আসা বাংলার প্রথম ‘দাদা’ বারবার বুঝিয়ে দিয়েছেন বাঙালি পারে।