গোটা ঘটনায় ডিনো মোরিয়া জড়ালেন কী করে? মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সূত্রে খবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো ও তাঁর ভাই সান্তিনোর বহুবার ফোন মারফৎ কথা হয়েছে।

শেষ আপডেট: 26 May 2025 17:45
দ্য ওয়াল ব্যুরো: কেরলে বর্ষা ঢুকেছে। আর তার জেরেই গত দু'দিন ধরে প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হয়েছে যানচলাচলও। এরই মধ্যে সোমবার মুম্বইয়ের উল্লেখযোগ্য মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে অভিনেতা ডিনো মোরিয়াকে ডেকে পাঠাল মুম্বই পুলিশ। ওই মামলায় ৬৫ কোটির আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে।
মুম্বইয়ে এই মিঠি নদী খুবই গুরুত্বপূর্ণ। বন্যা আটকাতে এই নদীর পলি পরিষ্কারের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল প্রশাসন। অভিযোগ, বরাদ্দ হলেও কাজ কিছুই এগোয়নি। এও অভিযোগ,ইত মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়ো লগবুক, স্লিপ জমা দিয়েছে। শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি টাকার বিল বানানোর অভিযোগও রয়েছে। ইতিমধ্যেই আর্থিক তছরুপের তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
প্রশ্ন হল, গোটা ঘটনায় ডিনো মোরিয়া জড়ালেন কী করে? মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সূত্রে খবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো ও তাঁর ভাই সান্তিনোর বহুবার ফোন মারফৎ কথা হয়েছে। ঠিক কী কারণে এই কথোপকথন তা খতিয়ে দেখতেই এই তলব বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, মিঠি নদী পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা অপচয় হয়েছে সরকারের। কিন্তু কাজের কাজ কিছুই এগোয়নি। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার হিসেব পেতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সিট গঠন করেছেন মুম্বই পুলিশ। ১৩ জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। যদিও তলব প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোনও মন্তব্য করেননি ৯-এর দশকের জনপ্রিয় মডেল-অভিনেতা ডিনো মোরিয়া।