
শেষ আপডেট: 17 May 2023 16:46
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের জনপ্রিয় স্টান্ট ভিত্তিক ছবি মানেই দর্শকের মনে প্রথম যে নাম আসে তা হল মিশন ইম্পসিবল। আরও একবার পর্দায় ফিরে আসতে চলেছে বিপুল জনপ্রিয় এই ছবির নতুন পার্ট (Mission Impossible new part trailer launched)। এই ছবির মধ্যে দিয়ে আরও একবার পর্দায় দেখা যাবে অভিনেতা টম ক্রুজকেও (Tom Cruise shows magical stunts)।
মিশন ইম্পসিবল সিরিজের নতুন এই ছবির নাম মিশন ইম্পসিবল ডেড রিকনিং পার্ট ১। আগের পর্বগুলির মতো এই পর্বেও গায়ে কাঁটা দেওয়া স্টান্ট রয়েছে ছবিতে। উল্লেখ্য, ষাটোর্ধ্ব টম ক্রুজ প্রায় সমস্ত স্টান্ট নিজেই করেছেন ডামির সাহায্য ছাড়াই। ইউটিউবে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
আইএমএফ এজেন্ট ইথান হান্টের ভূমিকায় ফের পর্দায় টম ক্রুজকে দেখতে পাওয়ার আনন্দে ইতিমধ্যেই উচ্ছ্বসিত টমের বিশ্বজোড়া অসংখ্য ভক্ত। পাশাপাশি, ছবিতে দেখানো স্টান্টের দৃশ্যগুলি নিয়েও ইতিমধ্যেই উত্তেজিত দর্শকমহল।
প্রসঙ্গত, প্রায় ৫ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। ২০১৯ এ এই ছবির শ্যুটিং প্রথম শুরু হয়। এরপর করোনার ফলে দীর্ঘদিন বন্ধ থাকে ছবির শ্যুট। পাশাপাশি, ২০২০ সালে এই ছবির একটি অডিও রেকর্ডিং ফাঁস হয়ে যায় যেখানে টম ক্রুজের সঙ্গে ছবির সঙ্গে যুক্ত কোনও এক কর্মীর বাকবিতন্ডা প্রকাশ্যে চলে আসে। তবে, সমস্ত বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মুক্তি পেতে চলেছে মিশন ইম্পসিবলের এই পার্টটি।
‘জওয়ান’-এর একাধিক ভিডিও ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ দিল্লি হাইকোর্টের! টুইটারকে বড় নির্দেশ