
শেষ আপডেট: 22 December 2020 06:55
১৯৮৯। ঠোঁটের উপর অস্পষ্ট গোঁফের রেখা। মুখে হালকা হাসি। চেহারায় তখন স্নিগ্ধভাব। চোখদুটো যেন কথা বলছে। ছবিতেও ফুটে উঠেছে সেভাব। এটি মিলিন্দের প্রথম ফোটোশ্যুটের ছবি। শেয়ার করে লিখেছেন, "প্রথম বিজ্ঞাপনের জন্য ফোটোশ্যুট। এর আগে জানতামও না মডেলিং বলে কোনও আলাদা কেরিয়ার আছে। হঠাৎ একদিন এক ফোন আসে। তিনি আমায় আগে কোথাও দেখেছিলেন। হঠাৎ ফোটোশ্যুটের জন্য প্রস্তাব দিলেন। আমি তখন ভীষণ লাজুক। না, হ্যাঁ বলার আগে যখন শুনলাম এক ঘণ্টা শ্যুটের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে, আমি রাজি হয়ে গিয়েছিলাম। ধন্যবাদ রসনা বেহেল।"
এখান থেকেই শুরু মিলিন্দের পথচলা। তারপর সাড়া জাগানো ফোটোশ্যুট ছিল তাঁর প্রেমিকা মধু সাপ্রের সঙ্গে। আজ থেকে ২৫ বছর আগে দু'জনের নগ্ন ছবি দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছিলেন তখনকার দিনের মানুষেরা। সেসময়ও সমালোচিত হয়েছিলেন। কিন্তু মিলিন্দকে আজও কেউ এড়িয়ে যেতে পারেন না। ভারতে পুরুষ মডেলদের কাছে মিলিন্দ হলেন অন্যতম ইনস্পিরেশন। অনেকেরই ধারণা মিলিন্দই মডেলিংয়ের ভাবধারা অনেকটা বদলে দিয়েছিলেন।
মিলিন্দ সোমান বরাবরই ভীষণ ইতিবাচক মনোভাবের একজন মানুষ। অন্তত সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট সেকথাই বলে। মডেলিং ছাড়াও গানের ভিডিও, সিনেমা, সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। সামনেই মুক্তি পাবে 'পৌরষপুর'। একজন তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সিরিজের লুক ইতিমধ্যেই পোস্ট করায় থ হয়ে গেছেন নেটিজেনরা। সবমিলিয়ে মিলিন্দ যে এখনও কিশোর বয়সের মতোই ভীষণ অ্যাক্টিভ, সেটা বোঝাই যাচ্ছে।
