
শেষ আপডেট: 28 November 2023 17:30
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত ছবি ‘স্যাম বাহাদুর’। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ফিল্ড মার্শাল স্যাম মানেকশ’র জীবনী অবলম্বনে ছবিটি বানিয়েছেন মেঘনা। সম্প্রতি সেই ছবির প্রচারে গিয়ে দীপিকা পাড়ুকোনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক। টেনে আনলেন অভিনেত্রীর জেএনইউ যাওয়ার প্রসঙ্গও।
মেঘনার শেষ ছবি ‘ছপক’-এ নায়িকা ছিলেন দীপিকা। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘটনা নিয়ে সেই ছবিটি বানিয়েছিলেন পরিচালক। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারেই সফল হয়নি। মেঘনার দাবি, সেই ছবির ব্যর্থতার জন্য দীপিকা দায় এড়াতে পারেননা। তাঁর জেএনইউয়ে যাওয়ার পর যে বিতর্ক হয়েছিল, তারই প্রভাব ছবির ব্যবসায় পড়েছে।
২০২০ সালের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘ছপক’। সেইসময় এনআরসি-সিএএ নিয়ে গোটা দেশ উত্তাল ছিল। রাজধানী দিল্লি ছিল একেবারে অগ্নিগর্ভ। সেইসময়েই ছবির প্রচারে দিল্লিতে গিয়ে সেখানকার জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যান দীপিকা। পড়ুয়াদের আন্দোলন চলছিল যে জায়গায়, সেখানেও সামিল হয়েছিলেন অভিনেত্রী। এই নিয়েই বিপত্তি বাঁধে।
উগ্র হিন্দুত্ববাদীদের একাংশ দীপিকাকে সেইসময় দেশবিরোধী আখ্যা দিতেও পিছপা হয়নি। তাঁকে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। মেঘনার দাবি, এই সব ঘটনারই প্রভাব পড়েছিল ‘ছপক’-এর বক্স অফিসে। অভিনেত্রীর জন্যই এত ভাল কনটেন্টের একটি ছবি দেখেনি দেশের মানুষ। তবে মেঘনার এই অভিযোগ নিয়ে দীপিকা এখনও প্রকাশ্যে কিছু বলেননি।
উল্লেখ্য, ২০২০-র ঘটনার রেশ দীপিকার জীবন থেকে যে এখনও যায়নি, তার প্রমাণ মিলেছে ২০২৩ সালে এসেও। বছরের শুরুতে ‘পাঠান’ মুক্তি পাওয়ার সময়েও ছবিটি বয়কটের ডাক দিয়েছিল বহু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। জেএনইউয়ের ঘটনার কথা টেনে আনা হয়েছিলই, সঙ্গে সিনেমার একটি গানে অভিনেত্রীর গেরুয়া বিকিনি নিয়েও কম চর্চা হয়নি।
নেটিজেনদের একাংশের অভিযোগ ছিল, দীপিকার ওই গেরুয়া বিকিনি হিন্দুধর্মের পক্ষে অপমানজনক। বেশ কয়েকজন বিজেপি নেতাও প্রকাশ্যে অভিনেত্রীর সমালোচনা করেছিলেন। তবে এবার বয়কট ডাক সফল হয়নি। উল্টে বয়কট গ্যাংয়ের মুখে চুনকালি লেপে 'পাঠান' বছরের অন্যতম সুপারহিট সিনেমা হিসাবে রেকর্ড তৈরি করেছে।