
শেষ আপডেট: 15 December 2023 20:45
দ্য ওয়াল ব্যুরো: দীপিকা পাড়ুকোন থেকে অনুষ্কা শর্মা- এমন বহু অভিনেত্রী আছেন, যাঁদের বলিউডে অভিষেক হয়েছে শাহরুখ খানের বিপরীতে। বর্তমানে তাঁরা হিন্দি ছবির 'এ' লিস্টেড নায়িকা। এমনই আরও একজন অভিনেত্রী আছেন, যাঁর বি টাউনে ডেবিউ হয়েছিল 'কিং খান'-এর বিপরীতে। তাঁর সিনেমা জগতে আসাও ছিল একেবারে অপ্রত্যাশিত। এমনকী নিজের পেট চালাতে একসময় টয়লেটও পরিষ্কার করেছেন তিনি। তবে সেসব দিন পেরিয়ে আজ সেই অভিনেত্রী প্রতিষ্ঠিত। তবে অনুরাগীরা প্রিয় নায়িকার অতীতের এমন গল্প শুনে রীতিমতো শিউড়ে উঠেছেন।
এই অভিনেত্রীকে এখনও অবধি একটিমাত্র সিনেমাতেই দেখা গিয়েছে শাহরুখের বিপরীতে। সেই সিনেমা বক্স অফিসে সুপারহিট হওয়ার পর থেকেই তিনি বলিউডে তথা ভারতে পরিচিতি লাভ করেছেন। মূলত তিনি পাকিস্তানের বাসিন্দা। তাঁর নাম মাহিরা খান। যাঁকে সেদেশের একাধিক সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। পাকিস্তানের সেই নামী অভিনেত্রীই নাকি বিদেশে পড়তে গিয়ে টয়লেট পরিষ্কারের কাজ করতেন। একথা শুনে তাজ্জব অনেকেই।
অভিনেত্রী জানিয়েছেন, ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ক্যালিফোর্নিয়ায় গিয়েছিলেন তিনি। সেখানেই পেট চালানোর জন্য একসময় শপিং মলে ফ্লোর এবং টয়লেট পরিষ্কারের কাজ করতেন। পড়াশোনার পাশাপাশি এই কাজ করেই রোজগার করতেন তিনি। মাহিরার কথায়, "এতদিন বিষয়টি গোপনে রাখার পর আজ প্রকাশ্যে আনলাম কারণ সবার একথা জানা দরকার যে, আমি নিজের জীবনে কতটা কঠিন সময় পার করেছি। এখন আমি যেখানে দাঁড়িয়ে, সেখানে পৌঁছনো এত সহজ কাজ ছিল না।
বর্তমানে পাকিস্তানের অন্যতম বিত্তশালী অভিনেত্রী মাহিরা খান। খুব শিগগিরই তাঁকে নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল ড্রামায় দেখতে পাওয়া যাবে। শাহরুখের বিপরীতে 'রইস' ছবিতে মাহিরার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। তার আগে এদেশের পাঞ্জাবি ছবিতেও কাজ করেছিলেন তিনি। সেই সিনেমা ১০০ কোটি টাকা উপার্জন করেছিল বক্স অফিসে, যা পাঞ্জাবি সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম। শপিংমলে টয়লেট পরিষ্কার থেকে পাকিস্তানের অন্যতম বিত্তশালী অভিনেত্রী হওয়া যে অসম্ভব নয়, মাহিরা তাঁর জলজ্যান্ত উদাহরণ।