
ছবি সৌজন্যে : ইন্টাগ্রাম
শেষ আপডেট: 15 September 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: সন্তান সম্ভবা বিখ্যাত ডিজাইনারমাসাবা গুপ্তা। কয়েক মাসের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। এই মুহূর্তে সময় দিচ্ছেন নিজেকে। প্রথম সন্তান তাই অনেকেই অনেক টিপস দিচ্ছে তাঁকে। যা তিনি গ্রহণও করছেন সানন্দে। কিন্তু এমন অনেক পরামর্শ তিনি পাচ্ছেন, যা শোনার পর তাজ্জব হয়ে যাচ্ছেন। এমনটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন ডিসাইনার। শেয়ার করলেন, ছোটো ছোটো উদাহরণও।
গায়ের রং নিয়ে ছোটোবেলায় অনেক কিছু শুনতে হয়েছে বলে আগে একাধিকবার জানিয়েছেন মাসাবা। কীভাবে তিনি সেসব দূরে রেখে বড় হয়েছেন বা পজিটিভ থেকেছেন তাও শেয়ার করেছেন। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই এত কিছু শুনছেন যা নিয়ে অবাক লাগছে বলে জানালেন শিল্পী।
সাক্ষাৎকারে বলেন, 'সম্প্রতি তাঁকে অনেকে রোজ রসগোল্লা, দুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন। তার কারণ তাঁর সন্তান যাতে ফর্সা হয়।' মাসাবার কথায়, এর কোনও ভিত্তি না থাকলেও আজও এদেশে এমন পরামর্শ অনেকেই দিয়ে থাকেন।
কথা বলতে বলতে মাসাবা উল্লেখ করেন তাঁর এক পরিচিতর কথা। যিনি মাসাবাকে মাসাজ দিয়ে থাকেন প্রতিদিন। তিনি নাকি তাঁকে প্রায়ই বিভিন্ন টিপস দিয়ে থাকেন। সম্প্রতি বলেন, তুমি রোজ দুধ খাও। যাই হয়ে যাক, বাচ্চার গায়ের রং যেন ময়লা না হয়।
মাসাবা বলেন, বাচ্চা হওয়ার আগেই গায়ের রং নিয়ে আলোচনা করার বিষয়টা নিম্ন শ্রেণির লোকজনের মধ্যেই সীমাবদ্ধ আছে এমন নয়। সমাজের তথাকথিত শিক্ষিত লোকজনও এই নিয়ে চর্চা করে।
তিনি যে বিষয়গুলি একেবারেই ভাল ভাবে নেন না সেটা অকপটেই জানালেন। বললেন, 'এগুলোই আজকাল শুনছি। কী করব বলুন, মারব? সরল ভাবেই তো বলছে সবাই।'
মাসাবা সাক্ষাৎকারে আরও বলেন, '২০২৪ সালে দাঁড়িয়ে কাউকে কালো বা কালি বলে সম্বোধন করা কোনওভাবেই উচিত নয়। এটা অভদ্রতা। সমাজের সমস্ত শ্রেণির মধ্যেই এই প্রবণতা রয়েছে। আমি ছোটো থেকে দেখছি। এত বছর পরও কিছু পাল্টায়নি।'
প্রসঙ্গত, চলতি বছর জানুয়ারি মাসে সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডসের মেয়ে মাসাবা গুপ্তা। এপ্রিলে জানান প্রেগনেন্সির খবর। সেই থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে প্রেগনেন্সি জার্নির কথা শেয়ার করছেন তিনি।