
শেষ আপডেট: 10 September 2023 12:19
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ভূমিকম্পে বেসামাল মরক্কো (Maracco earthquake)। গত ২৪ ঘণ্টায় মরক্কোতে প্রবল ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। পাশাপাশি, সরকারি হিসেব অনুযায়ী গুরুতর আহত হয়েছেন প্রায় ১৪০০র কাছাকাছি মানুষ। প্রকৃতির তাণ্ডবলীলায় মধ্য প্রাচ্যের এই দেশ যেন এখন এক মৃত্যুপুরী। শুক্রবার রাত ১১.১৫ নাগাদ তীব্র ভূকম্পনে কেঁপে ওঠে মরক্কো। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।
প্রসঙ্গত, একাধিক ভারতীয় ছবিতে আইটেম গার্লের চরিত্রে অভিনয় করা নোরা প্রকৃতপক্ষে মরক্কোর বাসিন্দা। অভিনেত্রীর পরিজনদের অনেকেই এখনও মরক্কোতে বসবাস করেন। ফলে, নিজের দেশের এই দুর্দিনে মরক্কোর বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়েছেন নোরা। ভূমিকম্পের ভয়াবহ ছবি দেখে যেন শিউরে উঠেছেন তিনি, সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, 'প্রতিটি দৃশ্য কী ভয়ঙ্কর!'
ইনস্টাগ্রামে 'দিলবর' গার্ল নোরা একটি মরক্কোর পতাকার ছবি পোস্ট করে লিখেছেন 'মরক্কোর জন্য প্রার্থনা করুন'। নোরার পোস্টে সমবেদনা জানিয়েছেন নেটিজেনরা। এখানেই শেষ নয়, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মরক্কোর ভূকম্প বিধ্বস্তদের জন্য আর্থিক সাহায্যের প্রার্থনা করেছেন নোরা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মরক্কোর দুর্দিনে পাশে থাকার বার্তাও শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নোরা।

এই মুহূর্তে মরক্কোর অসংখ্য মানুষ গৃহহীন হয়ে রাত কাটাচ্ছেন রাস্তায়। ভয়াবহ বিপর্যয়ের কারণে মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ ইতিমধ্যেই ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। শুক্রবার যখন এই ভূমিকম্প ঘটে সেই সময়ে অধিকাংশ মানুষই ঘুমোচ্ছিলেন। ফলে ভূমিকম্পের অভিঘাত বুঝে ওঠার আগেই ঘটে যায় অঘটন। গত ২ দশকের মধ্যে এই ভূমিকম্পকে সবচেয়ে ভয়াবহ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। জানা গেছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে পাশের দেশ আলজিরিয়া এবং পর্তুগালেও মৃদু কম্পন অনুভূত হয়।