
শেষ আপডেট: 28 October 2023 17:21
দ্য ওয়াল ব্যুরো: দেখতে দেখতে আরও একটা বছর প্রায় শেষ হতে চলল। হাতে রয়েছে আর মাত্র ২ মাস। তবে ছবিপ্রেমীরা সারা বছরই মুখিয়ে থাকেন নতুন নতুন ছবি বা সিরিজ মুক্তির জন্য। পাশাপাশি উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। সামনেই আসছে দীপাবলি, তারপরই ক্রিসমাস। ফলে সামনে রয়েছে দেদার ছুটির সুযোগ। এই ছুটিতে একাধিক ওটিটি-তে মুক্তি পেতে চলেছে অনেকগুলি ওয়েব সিরিজ অথবা ছবি।
তাকেশি'জ ক্যাসল
নয়ের দশকের শেষের দিকে যাদের জন্ম তাঁরা অনেকেই স্কুল জীবনে উপভোগ করতেন জাপানি রিয়্যালিটি শো তাকেশি'জ ক্যাসল বা তাকেশির দুর্গ। দীর্ঘ ২০ বছর পর সেই বিখ্যাত জাপানি রিয়্যালিটি শো ফের ফিরছে ওয়েব সিরিজ হিসেবে। অ্যামাজন প্রাইমে আগামী ২ নভেম্বর তাকেশি'জ ক্যাসল শুরু হতে চলেছে। ভারতের নামী ইউটিউবার ভুবন বাম এই সিরিজের সঞ্চালনা করবেন।
আরিয়া সিজন ৩
'তালি'র পর 'আরিয়া'-র তৃতীয় সিজন নিয়ে নভেম্বরেই আসছেন সুস্মিতা সেন। আগের দুই সিজনেই সুস্মিতা অত্যন্ত প্রশংসা পেয়েছিলেন। আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে আরিয়া সিজন ৩। আগের দুই সিজনের মতোই তৃতীয় সিজন দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।
দ্য কিলার
হলিউডের ক্রাইম থ্রিলার দেখতে যারা পছন্দ করেন তাঁরা অনেক দিন ধরেই অপেক্ষা করছেন 'দ্য কিলার' ছবিটির মুক্তির জন্য। আগামী ১০ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য কিলার।' ফরাসী উপন্যাস 'দ্য কিলার' অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি।
লিও
ভারতে অ্যানিমেশন ছবি দেখতে পছন্দ করেন এমন দর্শকের সংখ্যা কম নয়। নভেম্বরের শেষের দিকে মুক্তি পেতে চলেছে 'লিও'। প্রসঙ্গত, ওই একই নামে আরও এক দক্ষিণী ছবি মুক্তি পাওয়ায় কিছু দিন আগে বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে সেই সমস্যা মিটে যায়। আপাতত অ্যানিমেশন ছবির দর্শকরা নেটফ্লিক্সে 'লিও'র মুক্তির দিন গুনছেন।
দ্য আর্চিজ
আমেরিকার বিখ্যাত কমিকস স্ট্রিপ 'দ্য আর্চিজ' ছোটবেলায় অনেকেই পড়েছেন। আর্চি বেটি ভেরোনিকার গল্পের পাঠক সারা পৃথিবীতে কম নয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই জোয়া আখতার তৈরি করেছেন 'দ্য আর্চিজ'। এতে শাহরুখ কন্যা সুহানা থেকে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা ইত্যাদি অনেক তারকা পুত্র বা কন্যা রয়েছেন। 'দ্য আর্চিজ' মুক্তি পাবে ৭ ডিসেম্বর। নেটফ্লিক্সে আসবে এই ছবি।