
শেষ আপডেট: 20 February 2024 18:12
দ্য ওয়াল ব্যুরো: টলিউডের অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র। ৮৪ বছর বয়স হল দেখে বোঝার উপায় নেই। সিনেমা, সিরিয়াল, শর্টফিল্ম থেকে শুরু করে নাটকের মঞ্চ, সবেতেই তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়। বর্তমানে অবশ্য এই অভিনেতাকে নিয়মিত পর্দায় দেখা যায় না। তবে এখনও ৮৪ বছর বয়সে এসে লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
তুমুল জনপ্রিয় ও প্রবাদপ্রতিম নাট্যকার ও অভিনেতা হার্টের অসুস্থতার কারণে আপাতত হাসপাতালে ভর্তি। কলকাতার এসএসকেএমে আছেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তাঁর পেসমেকার বসানোর প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সেই অপরেশন শেষ হয়েছে। বর্তমানে ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা।

তপন সিনহার ছবি 'বাঞ্ছারামের বাগান' ছবির জন্য বিখ্যাত তিনি। এছাড়াও সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাসগুপ্ত, বাসু চ্যাটার্জি, তরুণ মজুমদার এঁদের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। যদিও সিনেমার অভিনেতার থেকেও মনোজ মিত্র বেশি জনপ্রিয় নাট্যকার ও নাট্য পরিচালক হিসেবে। বাংলা গ্রুপ থিয়েটার জগতে তিনি প্রায় মহারথী। শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের পরই প্রায় একই সঙ্গে উচ্চারিত হয় মনোজ মিত্রর নাম। সমস্ত নাটক ও সিনেমাপ্রেমী মানুষ তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।