দ্য ওয়াল ব্যুরো: ক্যান্সারকে (cancer) হারিয়ে জীবনযুদ্ধে জিতেছেন। সেই মনীষা কৈরালা (manisha koirala)জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে (National Cancer Awareness Day) ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে 'ক্যান্সার চিকিত্সার কষ্ট, যন্ত্রনায় ভরা যাত্রা'র কথা বললেন। চিকিত্সা শুরু হওয়ার সময়ের ছবিও দিয়েছেন বলিউড অভিনেত্রী (bollywood actress)।
তিনি লিখেছেন, জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে যাঁরা এই কষ্টকর যাত্রাপথে ক্যান্সারের চিকিত্সা (cancer treatment) করাচ্ছেন, তাঁদের সবাইকে শুভেচ্ছা জানাই। অনেক ভালবাসা, সাফল্যের কামনা রইল। আমি জানি, এই যাত্রা কী কঠিন। কিন্তু আপনারা তার চেয়েও কঠিন। যাঁরা এর সঙ্গে লড়ে মারা গিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই, যাঁরা তাকে জয় করেছেন, তাঁদের সাফল্যকে সেলিব্রেট করতে চাই। এই রোগ নিয়ে সচেতনতা ছড়ানো প্রয়োজন। যত আশার কাহিনি আছে, সেগুলি বারবার বলা দরকার। আমরা যেন নিজেদের, বিশ্বের প্রতি দয়াবান হই। আমি প্রত্যেকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। ধন্যবাদ।
ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ও পরিবারের লোকজনের সঙ্গে নিজের ছবিও দিয়েছেন মনীষা।
২০১২য় মনীষার গর্ভাশয়ে ক্যান্সার ধরা পড়ে। ৬ মাস আমেরিকায় থেকে চিকিত্সা করান। সম্পূর্ণ ক্যান্সারমুক্ত ঘোষিত হন ২০১৫য়। সেসময় তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, রোগ নির্ণয় ও তার চিকিত্সা তাঁকে মানুষ হিসাবে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি লিখেছেন, আমি যখন আরেক প্রান্তে এলাম, তখন কিছু আনন্দদায়ক মনে হলেই তাকে আঁকড়ে ধরতাম। ঘাসের ওপর হাঁটা, মুখে বাতাসের স্পর্শ, বিছানায় শুয়ে আকাশ, মেঘ দেখা, সূর্যাস্ত, সূর্যোদয়ের মতো ছোট ছোট ব্যাপারেও আনন্দ খুঁজে পেলাম। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে নজর দিতে থাকলাম, কেননা মনে হত, আগামীকাল আমি দিনটা দেখার জন্য বেঁচে থাকব কিনা, সেটাই তো জানতাম না।