
শেষ আপডেট: 24 February 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের নায়িকাদের প্রেমচর্চার খবর সবসময়ই মুখরোচক! কে কখন কার সঙ্গে প্রেম করছে, বা কার বিবাহবহির্ভূত সম্পর্ক চলছে, এসব গুজব ছড়াতে বেশি সময় লাগে না। ঠিক যেমন ছড়িয়েছিল মনীষা কৈরালা, ঐশ্বর্য রাই ও রাজীব মুলচন্দানির সম্পর্কে।
নব্বইয়ের দশক, তখন সবে সবে মডেলিং শুরু করেছেন ঐশ্বর্য রাই, রাজীবও। ওদিকে মনীষা কৈরালাও তাঁর প্রথম ছবি করেছেন। বলিউডে কেরিয়ার শুরু হতে না হতেই একটা ঘটনায় জড়িয়ে পড়েন দুজনেই।

শোনা যায়, মডেলিং কেরিয়ারের শুরুর দিকে ঐশ্বর্যর সঙ্গে মনীষার সেই সময়ের বিশেষ বন্ধু রাজীব মুলচন্দানির এক সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্কের কথা জানতেন না মনীষা। কিন্তু একদিন হাতেনাতে প্রমাণ পান। আর সে কথা সোজা জানিয়ে দেন সংবাদমাধ্যমকে। জানান, তিনি ঐশ্বর্য আর রাজীবের প্রেমপত্র খুঁজে পেয়েছেন।
এবার এ নিয়ে শুরু হয় জলঘোলা। সেই সময় যদিও এই বিষয় নিয়ে ঐশ্বর্য মুখে কুলুপ আঁটেন। পরে একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে আসল কথাটি সামনে আনেন। বলেন, 'চুরানব্বইয়ের প্রথমদিকে একটা নামি ম্যাগাজিনে লেখা পড়ে জানতে পারি রাজীব নাকি মনীষার জন্য আমাকে ডাম্প করবে ভেবেছিল। জানার সঙ্গে সঙ্গে আমি ওঁকে ফোন করি। জিজ্ঞেস করি কেন এসব বাজে কথা বলছে। কারণ রাজীব আমার শুধুই বন্ধু। এরচেয়ে বেশী কিছু না। আমি ওঁকে বলেওছিলাম আমি তোমাদের এসব প্রেম ভালবাসার মধ্যে পড়তে চাই না। যদিও এই ঘটনার দু মাস পর বিচ্ছেদ হয়ে যায়। কারণ মনীষা দু মাস অন্তরই অন্য ছেলের সঙ্গে ঘুরত।'

ঐশ্বর্য এও জানান যে তিনি মনীষার অভিনয়ের ভক্ত। তাঁর 'বোম্বে' ছবিটি দেখে ফুলের তোড়া পাঠাবেন ভেবেছিলেন। কিন্তু এরমধ্যে রাজীবের সঙ্গে ঘটনাটা যেন সবকিছু উলটপালট করে দেয়।
সূত্রের খবর অনুযায়ী মনীষা সত্যিই রাজীব ও রাইয়ের চিঠিগুলি খুঁজে পেয়েছিলেন। তাই ওঁদের বিচ্ছেদ হয়। আর ঐশ্বর্য রাই ওঁর এই অপমান সহ্য করতে না পেরে শেষে ওদের ছাড়াছাড়ির নয় মাস পর মিডিয়াকে সবটা জানান।
বলিউডের কেচ্ছার খবর আখছার কানে আসে। এত বছর আগে ঘটনাটি ঘটলেও আজও সেই প্রভাব রয়েছে দুই নায়িকার মধ্যে। রাজীব মডেলিং ছেড়ে গোয়ায় রেস্তোরাঁ খুলে স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে সংসার করছে। তবে ঐশ্বর্য মনীষা এই ঘটনার পর থেকে একে অপরের সঙ্গে কথা বলেন না।