দ্য ওয়াল ব্যুরো: ২২ বছরের সঙ্গী হারিয়েছেন মন্দিরা বেদী। বিদায়বেলায় তাঁর শোক নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকেও। স্বামীর মৃত্যুতে হাউ হাউ করে কেঁদেছেন মন্দির। বলিউডের গ্ল্যামার জগত থেকে তখন তিনি অনেক দূরে। না পাওয়ার দেশ থেকে আর কোনওদিন ফিরবেন না মন্দিরার জীবনসাথী রাজ কৌশল।
বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ আচমকা বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বলিউড পরিচালক রাজ কৌশল। মাত্র ৪৯ বছর বয়সেই থেমে গেছে তাঁর জীবনের দৌড়। কিন্তু স্বল্প আয়ুতেই যে প্রেমকাহিনী লিখে গেছেন তিনি, তা নিজের তৈরি বলিউড ছবির গল্পকেও হার মানায়। মন্দিরা বেদী রাজ কৌশলের প্রেম ঘনিষ্ঠমহলে সুপরিচিত। লোকের মুখে মুখে ফেরে তাঁদের কাহিনী।
এত আলাদা হয়েও এত সুখ আসে কোত্থেকে? বহুবার ঠিক এমন প্রশ্নেরই মুখোমুখি হয়েছেন এই মন্দিরা-রাজ জুটি। কী রহস্য এই অটুট বন্ধনের?
মন্দিরা বারবার বলেছেন, রাজের মতো সোজাসাপ্টা ভাল মানুষ তিনি কম দেখেছেন। সামনেও যা, আড়ালেও ঠিক তেমনটাই। কোনও মুখোশ নেই। প্রেমে পড়ার এটাই ছিল সবচেয়ে বড় কারণ।
জানা যায়, প্রযোজক নীতিন মনমোহনের অফিসে প্রথম আলাপ হয়েছিল মন্দিরা বেদী আর রাজ কৌশলের। মুকুল আনন্দের প্রধান সহকারী পরিচালক হিসেবে সেসময় কাজ করছিলেন রাজ।স্মৃতিচারণায় রাজ বলেছেন, 'মনে আছে সাদা লাল স্ট্রাইপড টি-শার্ট আর খাঁকি প্যান্ট পরে সেটে এসেছিল অডিশন দিতে। সেই প্রথম দেখা।'
১৯৯৬ সাল থেকে শুরু হয় প্রেম। ১৯৯৯-তে পরিণতি। তাঁদের গভীর প্রেমের পরিচয় পাওয়া গেছে বারবার। মন্দিরা নিজের মুখে স্বীকার করেছিলেন, প্রেগন্যান্সির সময় তাঁকে এক মুহূর্তও চোখের আড়াল করতেন না রাজ। ছেলেকে নিয়েও ছিলেন সমান দায়িত্বশীল। মন্দিরা কর্মসূত্রে বাইরে গেলে কখনও ছেলে ভিকিকে মায়ের অভাব বুঝতে দেননি তিনি।
ছেলের পর সাধ ছিল এক মেয়ের। ২০২০ সালে কন্যাসন্তান দত্তক নেন রাজ আর মন্দিরা। ৪ বছরের তারা এখন সবে পাঁচ। ঘরে আসতে না আসতেই সেই বাবাকে হারাল তারা।