
শেষ আপডেট: 2 May 2023 10:47
দ্য ওয়াল ব্যুরো: মত্ত অবস্থায় স্টেজের উপর নোবেলের (Mainul Ahsan Noble) নোংরা আচরণের কথা ইতিমধ্যে খবরের শিরোনামে জায়গা করেছে। বাংলাদেশে (Bangladesh) কলেজ প্রোগ্রামে গিয়ে এই সঙ্গীতশিল্পী যে অভব্যতা করেছেন, তার জেরে জলের বোতল, জুতো (shoes) ছুড়েও মারা হয়েছে দর্শকাসন থেকে। এমতাবস্থায় সেদিনের ঘটনা নিয়ে মুখ খুললেন নোবেলের স্ত্রী। বললেন, তাঁর স্বামীর এই আচরণ মানসিক সমস্যার জন্যই। এবং সেটা মাদক ঘটিত।
তিনি লেখেন, "সকাল থেকে শুরু করে ডজন খানেক নিউজ। সমস্যাটা যদি শারীরিক হতো, হয়তো মানুষ কমেন্টে দোয়ার মাহফিল বসাত। কিন্তু সমস্যাটা মানসিক, তাও আবার মাদকঘটিত। যেরকম মানুষ নোবেল কোনওদিনই প্রথম থেকে ছিল না। এটা আমার নিজেরই দীর্ঘদিনের দেখা, শো'তে যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে নোবেলের নামাজ পড়া। রিয়্যালিটি শো চলাকালীন সময়ে পুরো শ্যুটিং ইউনিটকে বসিয়ে রেখে নামাজ পড়া আর সবার সঙ্গে অমায়িক ব্যবহার। আর সে মানুষটা এখন নিজের কার্যকলাপে নিজেই নিজেকে চিনতে পারে না। নিজের নিরহংকার রূপকে ঢেকে পরিবার ও ভক্তবৃন্দদের কাছে নিজের অস্বাভাবিক রূপ প্রকাশের দীর্ঘ প্রচেষ্টা।"
মাইনুল আহসান নোবেল আর বিতর্ক একে অপরের সমার্থক। দেশের জাতীয় সঙ্গীত বদলে ফেলার দাবি থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে সমস্যা - নানা কারণে বিগত কয়েক বছর ধরেই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে। তবে গত সপ্তাহে গায়ক যেই কাণ্ডটি ঘটিয়েছেন, তা যেন অতীতের সমস্ত নোংরামিকে ছাপিয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, স্টেজের উপর নোবেলের কথাবার্তা, হাবভাব একেবারেই সুস্থ মানুষের মতো ছিল না। মাইক স্ট্যান্ড হাতে নিয়ে রীতিমতো অসংলগ্ন আচরণ করছিলেন। গলা অবধি মদ খেয়ে একেবারে নেশায় চুর হয়ে মঞ্চে ওঠেন তিনি এবং তারপরই এসব কীর্তিকলাপ ঘটাতে দেখা যায় তাঁকে। এতেই ক্ষুব্ধ হয়ে শ্রোতারা জলের বোতল, জুতো ছুড়ে মারে নোবেলকে। সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে সামাজিক মাধ্যমে গায়ককে নিয়ে তুমুল নিন্দা শুরু হয়। তারমধ্যেই নোবেলের স্ত্রী'ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে রীতিমতো বিস্ফোরক অভিযোগ আনলেন।
নোবেল জুতোর বাড়ি খেলেন স্টেজে! মদ খেয়ে গান গাইতে উঠেছিলেন, অভিযোগ শ্রোতাদের