
শেষ আপডেট: 20 November 2023 19:04
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় বিয়ে ভেঙেছিল আগেই। তার মধ্যেই একাধিকবার তাঁর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে আর প্রেম নয়, চতুর্থবারের জন্য বিয়ে করলেন সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল।
আদতে ওপর বাংলার মানুষ হলেও ভারতেও বেশ জনপ্রিয় নোবেল। সঙ্গীত রিয়ালিটি শো সারেগামাপা-তে অংশ নেওয়ার পর থেকেই লাইমলাইটে আসেন নোবেল। তাঁকে ঘিরে বিতর্কও রয়েছে। মদ খেয়ে স্টেজে পারফর্ম করা থেকে শুরু করে শো ক্যানসেল করা, কিংবা তৃতীয় স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে সম্পর্ক, সবকিছু নিয়েই বিতর্ক নিত্যসঙ্গী বাংলাদেশের এই তরুণ গায়কের। সম্প্রতি নিজের চতুর্থ বিয়ের কথা ঘোষণা করেছেন তিনি।
রবিবার সমাজমাধ্যমে নতুন স্ত্রীর সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে বিয়ের কথা জানান নোবেল। জানা গেছে, গায়কের স্ত্রীর নাম ফারজানা আরশি। খুলনার বাসিন্দা আরশির সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফতই পরিচয় হয় নোবেলের। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনে বেশ কিছুদিন ডেট করেছেন পরস্পরকে।
তবে নোবেলের এই বিয়ের কথা সামনে আসার পর থেকেই নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করেছেন, আরশি ফুড ভ্লগার নাদিম আহমেদের স্ত্রী, তাঁকেই নিজের স্ত্রী বলে দাবি করছেন নোবেল। আরশি নিজেও একজন ফুড ভ্লগার। জানা গেছে, তিনি নাদিম আহমেদের প্রাক্তন স্ত্রী। নোবেল চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেও আরশির এটি দ্বিতীয় বিয়ে।
এর আগে নোবেলের বিরুদ্ধে মাদকাসক্তি এবং নির্যাতনের অভিযোগ এনেছিলেন সালসাবিল। তিনি জানান, "নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।" তাই তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দেন। তার বছর ঘুরতে না ঘুরতেই ফের বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়লেন নোবেল।