.png)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 February 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: ওটিটি কনটেন্টে অশ্লীলতা এবং অনুপযুক্ত বিষয়বস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে ওটিটি প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল হতে বলেছে। এই নির্দেশিকার মূল লক্ষ্য হল অনলাইন বিষয়বস্তু প্রকাশকদের জন্য নির্দিষ্ট আইন ও নৈতিকতার নিয়ম মেনে চলা নিশ্চিত করা।
এই পদক্ষেপের অন্যতম কারণ সাম্প্রতিক ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্ক। শো-এর বিশেষ অতিথি রণবীর আলাহাবাদিয়া প্রতিযোগীকে বাবা-মায়ের যৌন জীবন নিয়ে প্রশ্ন করায় প্রবল সমালোচনা শুরু হয়। বিষয়টি আইনি পর্যায়ে পৌঁছানোর পর, কেন্দ্র ওটিটি কনটেন্টের উপর নিয়ন্ত্রণ আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে।
নতুন নির্দেশিকায় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে বয়সভিত্তিক শ্রেণীবিন্যাস মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। ‘A’ রেটেড কনটেন্ট যেন শিশুদের নাগালের বাইরে থাকে, তার জন্য কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করার পরামর্শও দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা পার্লামেন্ট সদস্য, বিভিন্ন সংস্থা এবং সাধারণ নাগরিকদের কাছ থেকে অনলাইন কনটেন্ট নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে। এই নির্দেশিকা সেই উদ্বেগেরই প্রতিফলন।
বিতর্কের জেরে ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এর হোস্ট সময় রায়না তাঁর ইউটিউব চ্যানেল থেকে শো-এর সমস্ত পর্ব মুছে ফেলেছেন। ভাইরাল হওয়া ওই পর্বে রণবীর এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি চাইবেন সারা জীবন মা-বাবাকে যৌনমিলনে লিপ্ত হতে দেখতে? নাকি একবার যোগ দিয়ে তা বন্ধ করে দিতে?’ এই প্রশ্ন শুনে প্রতিযোগী অপ্রস্তুত হয়ে পড়েন। তখন হোস্ট সময় রায়না বলেন, ‘এগুলো ওঁর পডকাস্টের বাতিল হওয়া প্রশ্ন।’ এই বিতর্কের জেরে ওটিটি প্ল্যাটফর্মগুলির জন্য নিয়ন্ত্রক সংস্থাগুলির ভূমিকা আরও জোরদার হতে চলেছে বলে মনে করা হচ্ছে।