
ফাইল চিত্র
শেষ আপডেট: 6 February 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: চার বছর বিরতির পর ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়ে বলিউডে জাঁকজমকপূর্ণ কামব্যাক করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ২০২৫-এ আবারও ভক্তদের চমক দিতে প্রস্তুত কিং খান। ইতিমধ্যেই তিনি সাসপেন্স থ্রিলার 'কিং'-এর শুটিং শুরু করেছেন, পাশাপাশি ছেলে আরিয়ানের ডেবিউ সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
এই সবের মধ্যেই ভক্তদের কৌতূহল বাড়িয়েছে আরও একটি খবর—ফিরে আসছে 'ম্যায় হুঁ না'! তবে প্রশ্ন উঠছে, সিক্যুয়েলে কি থাকবেন শাহরুখ খান? এই নিয়ে আলোচনা তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। ২০০৪ সালে ফারাহ খানের পরিচালনায় মুক্তি পেয়েছিল 'ম্যায় হু না', যেখানে অ্যাকশন এবং রোম্যান্সে শাহরুখ খানের দুর্দান্ত অভিনয় মন কেড়েছিল দর্শকদের।
এই ছবির বিপুল সাফল্যের পর ফারাহ-শাহরুখ জুটি কাজ করেছেন 'ওম শান্তি ওম' এবং 'হ্যাপি নিউ ইয়ার'-এও, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। শোনা যাচ্ছে, ফারাহ খান দীর্ঘদিন পর আবার পরিচালনায় ফিরছেন, আর তাঁর এই কামব্যাক প্রজেক্ট হতে চলেছে 'ম্যায় হু না ২'। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গিয়েছে, এই সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খানও।
তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া শেষ হলে, ২০২৫ সালের মাঝামাঝি সেটি শুনবেন শাহরুখ। তারপরই সিদ্ধান্ত নেবেন তিনি ছবিতে কাজ করবেন কি না। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারাহ খানও ইঙ্গিত দিয়েছেন শাহরুখের সঙ্গে ফের কাজের বিষয়ে। অর্চনা পূরণ সিং-এর সঙ্গে আলাপচারিতায় ফারাহ বলেন, 'আমি তো অবশ্যই চাই আবার ওর সঙ্গে কাজ করতে। অনেক দিন হয়ে গিয়েছে একসঙ্গে কাজ করিনি।' মজা করে তিনি আরও বলেন, 'অনেকদিন নতুন কোনও উপহারও পাইনি!'
উল্লেখ্য, ফারাহ আর শাহরুখ যখনই একসঙ্গে কাজ করেছেন, সেই ছবির সাফল্যের পর ফারাহকে গাড়ি উপহার দিয়েছেন বাদশা খান। ২০১৪ সালে 'হ্যাপি নিউ ইয়ার'-এর পর ফারাহকে একটি মার্সিডিজ এসইউভি উপহার দিয়েছিলেন শাহরুখ।
'ওম শান্তি ওম'-এর পরেও দিয়েছিলেন একটি মার্সিডিজ, আর 'ম্যায় হু না'-এর সাফল্যের পর উপহার হিসেবে ছিল একটি হুন্ডাই টেরাকান। এবার দেখার পালা, 'ম্যায় হু না ২'-এ সত্যিই কি দেখা যাবে কিং খানকে? নাকি ফারাহের নতুন ছবিতে আসবে আরও বড় কোনও চমক!