
শেষ আপডেট: 27 April 2023 07:25
দ্য ওয়াল ব্যুরো: মৌসুমী চট্টোপাধ্যায় (Mahesh Bhatt pregnancy comment to Mousumi Chatterjee) বলতেই গজ দাঁতের মিষ্টি চেহারার অভিনেত্রীকেই মনে পড়ে সকলের। বুধবার ২৬ এপ্রিল জন্মদিন পেরোল হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূর। আজও বাঙালির বড় আদরের অভিনেত্রী মৌসুমী।
তবে, বলিউড এবং টলিউডে একই সঙ্গে অভিনয় করলেও অন্যান্য অভিনেত্রীদের মতো পরিবারের সঙ্গে কাজকে ব্যালেন্স করতে মোটেই অসুবিধা হয়নি মৌসুমীর। বলিউডে যখন তিনি একের পর এক হিট ছবিতে অভিনয় করছেন সেই সময়ে তিনি হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ। ফলে, শ্বশুরবাড়ির সম্ভ্রম বজায় রাখার দায়িত্ব ছিল মৌসুমীর কাঁধেই। সেই দায়িত্ব থেকে কখনও পিছু হটেননি অভিনেত্রী।
কিন্তু এই ব্যালেন্স করতে গিয়ে ব্যক্তিগত জীবনকে যতটা গুরুত্ব দিয়েছেন মৌসুমী, তার ফলে অনেক সময়েই অবহেলা করেছেন কেরিয়ারকে। এই কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানালেন মৌসুমী। তিনি বলেন, সাতের দশকে মহেশ ভাট একবার তাঁকে বলেছিলেন, 'যখনই তোমার কেরিয়ার উঁচুতে উঠতে শুরু করে সেই সময়ই তুমি অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ো।' তবে, মহেশের এই মন্তব্য মোটেই চুপচাপ হজম করেননি মৌসুমী। স্পষ্ট জানান, যে কাজের থেকে বরাবরই পরিবারকেই এগিয়ে রাখেন তিনি।
মহেশের পাশাপাশি, অভিনেতা মনোজ কুমারও অসন্তুষ্ট হয়েছিলেন মৌসুমীর ওপর। 'রোটি, কপড়া অউর মকান' ছবিতে অভিনয়ের সময়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন মৌসুমী। সেই কারণেই মনোজের অসন্তোষ প্রকাশ পেয়েছিল। তবে, নিজের শারীরিক অবস্থা কখনওই তাঁর কাজে বাধা হয়ে দাঁড়ায়নি, এমনই বক্তব্য মৌসুমীর।
এই সাক্ষাৎকারে অমিতাভ বচ্চনের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে অভিনেত্রীর স্পষ্ট জবাব, যে সেই সময় আজকের বচ্চন একজন নবীন অভিনেতা। ইন্ডাস্ট্রিতে নিজের চিরস্থায়ী পরিচয় বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু মৌসুমী ততদিনে বলিউড এবং টলিউডের একজন নামকরা অভিনেত্রী। ফলে, দু'জনের মধ্যে কোনও রকম তুলনাই চলে না, বক্তব্য বালিকা-বধূর।
বলিউড টলিউডে একই সঙ্গে কাজ করলেও নিজের অবস্থান থেকে কখনওই সরেননি মৌসুমী। রাজ কাপুর স্বয়ং অভিনেত্রীকে ঋষি কাপুরের বিপরীতে ববি ছবিতে নায়িকার চরিত্র দিতে চাইলেও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। আসলে সেই ছবিতে বিকিনি পরার দৃশ্য ছিল, আর হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের বউ হয়ে শুধুমাত্র নিজের কেরিয়ার বাঁচাতে সম্ভ্রম বিসর্জন দেওয়ার কথা ভাবতে পারেননি মৌসুমী।
মৌসুমীর ছোট পোশাকে আপত্তি, তাই ফিরিয়ে দেন 'ববি'র অফার! সেক্সি গার্ল হতে চাননি হেমন্ত পুত্রবধূ